বিজেপির নবান্ন অভিযানকে (Nabanna Abhiyan) কোনওভাবেই গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বিজেপি আন্দোলনের নামে গুণ্ডামি করেছে। এমনকি, বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে ব্যাগে করে বোমা (bomb) এনেছিল বলেও দাবী করেন মমতা। তাঁর সাফ কথা, পুলিশ চাইলে গুলি চালাতেই পারত। কিন্তু পুলিশ সংযত থেকেছে।
গতকাল, বুধবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশকর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে নিতে নবান্ন অভিযান প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন যে নবান্ন অভিযানে আক্রান্ত হয়েছেন এসিপি। জগাছার এক পুলিশ কর্মীর চোখ নষ্ট হতে বসেছে।
মমতা বলেন, “পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। নবান্ন অভিযানে পুলিশ চাইলে গুলি চালাতেই পারত। কিন্তু তারা তা করেনি। পুলিশ সংযতভাবে মোকাবিলা করেছে”। বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। কিন্তু এদিন পুলিশকে ক্লিনচিট দিলেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী।
এদিন মমতা এও অভিযোগ করেন যে নবান্ন অভিযানে বহিরাগতদের এনেছিল বিজেপি। তাঁর কথায়, “ট্রেন ভাড়া করে লোক আনা হয়েছে। বহিরাগতদের আনা হয়েছে গুন্ডামি করতে। মানুষ পাশে নেই জেনেই এই গুন্ডামি”। মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা আন্দোলন করতে বাধা দিই না। কিন্তু আন্দোলনের নামে গুন্ডামি কাম্য নয়। এটা মেনে নেওয়া যায় না”।
তৃণমূল নেত্রীর এই মন্তব্যের তুমুল কটাক্ষ করেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “পুলিশ যা করেছে কাল তা অবর্ণনীয়। বর্ষীয়ান নেতাদের রাস্তায় ফেলে মেরেছে সিভিক পুলিশরা। গুলি চালাতে আর বাকি রাখল কেন”?





