গাড়ি-বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা, অবশেষে ভিনরাজ্য থেকে পুলিশের জালে হাওড়ার শৈলেশ পাণ্ডে ও তার ভাইরা

ভিনরাজ্যে গা ঢাকা দিয়েও কোনও লাভ হল না। তল্লাশি চালানোর পর অবশেষে এবার পুলিশের জালে আটক হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে-সহ চার অভিযুক্ত। তিন ব্যবসায়ী ভাইকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের এক সহযোগী গুজরাতে গা ঢাকা দিয়েছিল। তাকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর।

গত রবিবার হাওড়ার শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গাড়ি ও ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, সেদিনই বাড়ি থেকে গাড়ি করে মা-কে নিয়ে বেরিয়ে যান শৈলেশের ভাই অরবিন্দ। তিনি ফোনে শৈলেশ ও রোহিতের সঙ্গে যোগাযোগ রাখেন। মাঝরাস্তা থেকে দুই ভাই গাড়িতে উঠে যান ভুবনেশ্বরে। সেখানে শৈলেশের শ্যালকের বাড়িতে গা ঢাকা দিয়ে ছিলেন তারা।

এদিকে ওই গাড়ি খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। গাড়িটি কোনদিকে গিয়েছে, তা জানার চেষ্টা চালানো হয়। নানান টোলপ্লাজাতে ওই গাড়ির নম্বর দেওয়া হয়। অন্য রাজ্যে থাকা শৈলেশের আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করা হয়। প্রথমে উত্তরপ্রদেশে হানা দেয় পুলিশ। কিন্তু সেখানে তাদের খোঁজ মেলেনি। এরপর তদন্তকারীরা জানতে পারেন যে ওড়িশায় গা ঢাকা দিয়েছে পাণ্ডে ব্রাদার্স।

সেই অনুযায়ী ওড়িশাতে খোঁজ শুরু হয় তাদের। শৈলেশের শ্যালকের বাড়ি ঢোকার জন্য ছদ্মবেশ নেন তদন্তকারীরা। কোনও বড় সামগ্রী ডেলিভারির নাম করে ক্যুরিয়ার সার্ভিসের নাম করে ওই বাড়িতে ঢোকেন গোয়েন্দারা। দরজা খুলতেই বাড়ির ভিতরে ঢুকে শৈলেশ ও তার দুই ভাইকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা গাড়িটিরও খোঁজ পেয়েছেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে, লালবাজারের গোয়েন্দাদের আরও একটি দল পাড়ি দেন গুজরাতের আহমেদাবাদে। গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন, সেখানে একটি হোটেলে গা ঢাকা দিয়েছে ‘পাণ্ডে ব্রাদার্সে’র সহযোগী প্রসেনজিৎ। আর্থিক প্রতারণা কাণ্ডে তার প্রত্যক্ষ যোগ ছিল। অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন করেছিলেন প্রসেনজিৎ। তাকেও গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

RELATED Articles