দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) ফের ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে বামেরা। বামেদের নিয়ে এই মাথাব্যাথার কারণ ব্যাখ্যা করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। গত বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balurghat) তৃণমূলের বিজয়া সম্মিলনীতে (Bijaya Sommiloni) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকেই তিনি জানান যে দক্ষিণ দিনাজপুরে তৃনমূলের সংগঠন এখনও বেশ দুর্বল।
এদিন সভা থেকে রাজীব বলেন, “বামপন্থীরা আবার দক্ষিণ দিনাজপুর জেলায় মাথাচাড়া দিয়ে উঠছে। বাংলাকে শেষ করে দিয়েছিল এই বামপন্থীরা। আমাদের সাংগঠনিক দুর্বলতা যেন বামেদের কাছে সুযোগ হয়ে না দাঁড়ায় সেই দিকে খেয়াল রাখতে হবে”।
এখানেই শেষ নয়। এদিন তিনি এও বলেন, “যদি দলকে শক্তিশালী না করা যায় তাহলে ফের পুরনো দিনের অবস্থায় ফিরে যেতে হবে। আমার মনে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে বড্ড বেশি গঙ্গারামপুর কেন্দ্রিক হয়ে উঠছে তৃণমূল। জেলার সর্বত্র আমাদের নজর দিতে হবে। রাজ্যের সব নেতাদের কাছে আমার অনুরোধ যাতে জেলার সব ব্লকে নজর দিতে পারা যায়”।
এদিন বিজেপিকে নিশানা করে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির আমলে বেড়েছে বেকারত্ব। বালুরঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে নতুন পালক যোগ করতে হবে। রাজনৈতিক দল করে খাওয়ার জায়গা নয়। নিজেদেরকে শক্তিশালী করে মানুষের কাছে পৌঁছতে হবে”।
এদিন বালুরঘাটে তৃণমূলের বিজয়া সম্মিলনীকে ঘিরে বেশ উত্তেজনা ছিল বটে। এদিন এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার চেয়ারম্যান নিখিল সিংহ রায়, যুব সভাপতি অম্বরীশ সরকার, DPSC র চেয়ারম্যান সন্তোষ হাঁসদা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিসকু ও আরও অনেকে।





