খাটের উপর সাজানো বান্ডিল বান্ডিল ৫০০ টাকার নোট। সেই টাকার পাহাড়ের সামনেই সেলফি তুললেন পুলিশ আধিকারিকের স্ত্রী ও ছেলেমেয়ে। শুধু তাই-ই নয়, সেই সেলফি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন ওই পুলিশ আধিকারিক। সেই ছবি ভাইরাল হতেই তুমুল বিতর্কে জড়িয়েছেন উত্তরপ্রদেশের উন্নাওয়ের পুলিশ আধিকারিক রমেশচন্দ্র সাহানি। সরকারের নির্দেশে বদলি করা হয়েছে তাঁকে।
ওই পুলিশ আধিকারিকের পরিবারের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিকে ঘিরে ধেয়ে এসেছে নিন্দা ও কটাক্ষের ঝড়। শুধুমাত্র রমেশ একা নন, নিন্দার মুখে পড়তে হয়েছে গোটা উত্তরপ্রদেশের পুলিশকে। তাঁকে বদলি করার পর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
প্রবল নিন্দার মুখে পড়ে অভিযুক্ত ওই অফিসার রমেশ তদন্তকারীদের জানিয়েছেন যে তাঁর এই ছবিটি তোলা হয়েছিল ২০২১ সালের ১৪ নভেম্বর। একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে ওই টাকা পেয়েছিলেন তিনি। তদন্তকারীদের কাছে এমনটাই দাবী করেছেন রমেশ। তিনি জানান, সেই আনন্দেই বাড়ির সকলে মিলে সেলফি তুলেছিলেন। আর তা পরে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে ওই ছবি। তাতে দেখা গিয়েছে, ওই পুলিশ অফিসারের স্ত্রী বিছানার উপর আধশোয়া হয়ে রয়েছেন। তাঁর পাশেই রয়েছে তাদের ছেলে ও মেয়ে। তিন জনের সামনে রাখা ৫০০ টাকার নোটের একগুচ্ছ বান্ডিল। পুলিশ সূত্রে খবর, তাতে মোট ১৪ লক্ষ টাকা ছিল।





