বৃষ্টির মাঝেই মঞ্চে বক্তব্য রাখছেন তৃণমূল নেতা। আর তাঁর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছেন এক পুলিশ আধিকারিক। সেই ভিডিওওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাসক দল ও রাজ্য পুলিশকে কটাক্ষ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এর আগেও বিরোধীদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে যে পুলিশ রাজ্য সরকারের কথা অনুযায়ী কাজ করে। তৃণমূলের নির্দেশেই কাজ করে পুলিশ। আর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সেই অভিযোগ আরও বেশি মাথাচাড়া দিয়েছে।
প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থীদের মারধরের অভিযোগও উঠেছে। আর এমন আবহে এবার একটি ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যেই বক্তব্য রাখছেন এক তৃণমূল নেতা। তাত পাশে তাঁর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে রয়েছেন এই পুলিশ কর্মী।
এই ভিডিও পোস্ট করে শুভেন্দু লিখেছেন, এই ঘটনাটি কাঁকসার। ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীর নাম প্রভাত চট্টোপাধ্যায়। কাঁকসার তৃণমূলের ট্রেড ইউনিয়নের এক নেতা বক্তব্য রাখছেন। এরপরই শুভেন্দু কটাক্ষ করে লিখেছেন, “এই পুলিশের কাছে আমরা স্বচ্ছ ভোট আশা করছি”।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল এই ভিডিও ছবি। যদিও এই ভিডিও পোস্ট নিয়ে শুভেন্দুকেই নিশানা করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, “ওই পুলিশ কর্মী কেন ছাতা ধরেছিলেন জানি না। তবে হয়তো মানবিকতার খাতিরে ধরেছেন। সেটা নিয়ে এত বিতর্কের কিছু নেই”।





