তিনি ধর্মসূত্রে মুসলিম। কিন্তু নিজেকে আসলে তিনি মানব ধর্মে দীক্ষিত করেছেন। আলিগড়ের মহবীরগঞ্জের বিজেপির মহিলা মোর্চার সভাপতি এই নেত্রী এবার রামের পুজো করার জন্য পেলেন খুনের হুমকি!
অযোধ্যায় রাম মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন এই বিজেপি নেত্রী নিজের বাড়িতে রামের পুজোর ব্যবস্থা করেন। পুজোর সময় এলাকার অনেক মানুষই তাঁর বাড়িতে উপস্থিত ছিলেন যাদের মধ্যে অনেকেই হিন্দু। প্রতিবছর রাখি পূর্ণিমাও পালন করেন এই নেত্রী। কিন্তু তাঁর এই ধর্মনিরপেক্ষতা কিছু কট্টরপন্থীর সহ্য হয়নি। তাই রুবি আসিফ খান নামের সেই বিজেপি নেত্রী এবার জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি পেলেন। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ৫১০০ টাকা অনুদান দিয়েছিলেন রুবি। এছাড়াও রাম মন্দিরে ভূমি পুজোর আগে রুবি আসিফ খান রাম লল্লার জন্য একটি রাখি পাঠিয়েছিলেন। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন রুবি। এছাড়াও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও তাঁর সক্রিয় যোগদান চোখে পড়ে। আর রুবির এই আচরণই তাঁর নিজের সম্প্রদায়ের কিছু কট্টরপন্থীর পছন্দ নয়। এবার তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গোটা আলিগড়ে লাগানো হয়েছে পোস্টার।
শুধু রুবি নয়, সেই সঙ্গে আরও একজন মহিলাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টারে। ওই মহিলা রুবির সঙ্গে রাম পুজোর আয়োজন সামিল হয়েছিলেন। গোটা ঘটনাটি জেলা প্রশাসনকে জানিয়েছেন রুবি। তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।





