মুখে নেই মাস্ক, পরনে সাধারণ পোশাক। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই তারাপীঠের গর্ভগৃহে পুজো দিলেন খোদ পুলিশ সুপার।

নিয়ম রক্ষার দায়িত্ব সবার আগে বর্তায় তাঁদের ওপর। তাঁরাই তো আপামর জনসাধারণকে নিয়মের পাঠ পড়ান। কিন্তু সাধারণ মানুষ নিয়ম ভঙ্গ করলে থাকে শাস্তি। কিন্ত খোদ আইনের রক্ষকরা নিয়ম না মানলে কি আদৌ কোনও শাস্তি হয়? প্রশ্ন তুলে দিলেন বীরভূমের পুলিশ সুপার।

কৌশিক অমাবস্যায় নিষেধাজ্ঞা অমান্য করে তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দিলেন তিনি। পরনে অবশ্য ছিল না ইউনিফর্ম। তার বদলে তাঁকে দেখা গেল সাধারণ পোশাকে, মাস্ক হীন ভাবে। তাঁকে দেখে অবশ্য প্রতিবাদ করার সাহস পাননি সেবাইতরা। তবে সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে পড়েছে ছবি। এবং যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

লকডাউনের জেরে তারাপীঠ মন্দির বন্ধ ছিল প্রায় মাস তিনেক। মাঝে মাস খানেক বিরতি, করোনা আতঙ্কে ১৮ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারাপীঠ। আনলক পর্বে যখন যখন মন্দির খোলা হয়েছিল, তখনই সিদ্ধান্ত হয়, গর্ভগৃহে সেবাইত ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বাইরে থেকে বিগ্রহ দর্শন করতে হবে পূর্ণ্যার্থীদের। এরপর ১৩ই জুলাই রামপুরহাটে মহকুমাশাসকের দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। উক্ত বৈঠকেই ঠিক হয়, কৌশিকী অমাবস্যায় সাধারণ ভক্ত, এমনকী ভিআইপি-দেরও তারাপীঠ মন্দিরে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু ঘটনা হল, মঙ্গলবার, কৌশিকী অমাবস্যার দিন প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মন্দিরে ঢুকে পড়েছিলেন বেশ কয়েকজন পূর্ণ্যার্থী। সেই দলে ছিলেন খোদ বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং-ও।

পুজোর সন্ধ্যায় হলুদ পাঞ্জাবী ও সাদা পায়জামা পরে মন্দির চত্বরে যজ্ঞে অংশ গ্রহণ করেন তিনি। এরপর মাস্ক ছাড়াই সোজা গর্ভগৃহে প্রবেশ করে পুজোও দেন তিনি। সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের কথায়, ‘কৌশিকী অমাবস্যার কারণে আটদিন মন্দিরের দায়িত্ব ছিল প্রশাসনের। ফলে কারা ঢুকবে, কারা ঢুকবে না, সেই দায়িত্বও প্রশাসনেরই। আমরা কাউকে ঢুকতে বলিনি, ঢোকায়ওনি।’

রামপুরহাটের বিধায়ক ও মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দায়িত্ব পালন করার জন্য পুলিশ সুপার মন্দিরে ঢুকতেই পারেন। এতে বিতর্কের কিছু নেই।’ আর যিনি নিয়ম ভাঙলেন, তিনি কী বলছেন? বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং-এর সাফ কথা, দায়িত্ব পালন করার জন্য মন্দিরে গিয়েছিলাম। তারাপীঠ তো আর জেলার বাইরে নয়। আমি থাকতেই পারি।’

RELATED Articles

Leave a Comment