বেসরকারি সংবাদমাধ্যম এনডিটিভি গোষ্ঠীর রাশ এবার গেল আদানি গোষ্ঠীর হাতে। গৌতম আদানি অবশেষে এই সংস্থার দায়িত্ব পেলেন। সংস্থার পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা দিলেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়। বোর্ডের তরফে বম্বে স্টক এক্সচেঞ্জকে এই তথ্য দেওয়া হয়েছে। এর ফলে এনডিটিভি-র পরিচালনার ভার আদানি গ্রুপের হাতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল।
সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগলিয়া এবং সন্থিল সিন্নাইয়া চেঙ্গালভারায়ণ আরআরপিআই হোল্ডিং প্রাইভেট লিমিটেড তথা পর্ষদের পরিচালন বোর্ডে ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আদানি গ্রুপের প্রতিনিধিরাও এই বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন।
গত আগস্টেই শোনা গিয়েছিল যে এনডিটিভি গোষ্ঠীর ২৯.১৮ শতাংশ শেয়ার আদানি গ্রুপের হাতে চলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানান লেখালেখিও হতে থাকে। পরে এনডিটিভি-র তরফে জানানো হয় তাদের সংস্থার শেয়ারের করায়ত্ত্ব যে পদ্ধতিতে করা হয়েছে তা বেআইনি।
এনডিটিভি-র মূল প্রোমোটার সংস্থা আরআরপিআর-এর হেফাজতে যে শেয়ার ছিল, তার একটা বড় অংশ চলে যায় আদানি সংস্থার হাতে। কিন্তু তাও এনডিটিভি-র ৬১.৪৫ শতাংশ শেয়ার ও মূল মালিকানা সংস্থার প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের হাতেই রয়েছে।
তবে এবার আরআরপিআর হোল্ডিংয়ের তরফে স্টক এক্সচেঞ্জকে জানিয়ে দেওয়া হয়েছে, ২৯.১৮ শতাংশ শেয়ার চলে গিয়েছে আদানি গোষ্ঠীর কাছে। সেবির নিষেধাজ্ঞার যে দাবী আরআরপিআর-র তরফে দেখানো হচ্ছিল তা শেষ পর্যন্ত খারিজ হয়ে গিয়েছে।
এর পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার নিজেদের হাতে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাব ৫ই ডিসেম্বর পর্যন্ত। ওই শেয়ার কিনতে শেয়ার পিছু ২৯৪ টাকা দিচ্ছে আদানি গোষ্ঠী। সব মিলিয়ে ১.৬ কোটি শেয়ার কিনবে তারা। আর তাহলেই এনডিটিভি গোষ্ঠীর সিংহভাগ নিয়ন্ত্রণই চলে যাবে গৌতম আদানির হাতে।





