ডিসেম্বর শুরুর আগেই রাজ্য থেকে উধাও শীত, আচমকা অনেকটাই বেড়ে গেল তাপমাত্রা

নভেম্বর পড়ার পর থেকেই হালকা শীত শীত অনুভব হচ্ছিল। বেশ শিরশিরানি ভাবও ছিল রাজ্যে। কিন্তু আচমকাই উধাও শীত। ভোরের দিকে একটু ঠাণ্ডা ঠাণ্ডা ভাব লাগলেও বেলা বাড়তেই আর নেই শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে ৭২ ঘণ্টা ব্যবধানে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিসেম্বর। কিন্তু তবুও হাড়কাঁপানো ঠান্ডা এখনও পড়েনি। জাঁকিয়ে শীত পড়তে আর কত দেরি সেটাই এখন প্রশ্ন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহান্ত থেকেই ঠান্ডা পড়তে পারে। কিন্তু এমন খামখেয়ালি আবহাওয়াকে বিশ্বাস নেই। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জমিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাতে কোনও হেরফের হবে না। তবে কয়েকদিনের মধ্যেই শীত পড়তে শুরু করবে। ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকাল-সন্ধে হালকা শীতের ভাব থাকলেও বেলায় তা থাকবে না। দু’দিন পর থেক তাপমাত্রা ধীরে ধীরে নামবে। সোমবারের মধ্যে আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের দেখা মিলবে না।

জানা গিয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা কমতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। গত যা ছিল ১৯ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলা-সহ সব জেলাতেই বেড়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের তাপামাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির নিচে। অন্যান্য জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২-১৩ ডিগ্রির আশেপাশে।

RELATED Articles