নির্ভয়াকাণ্ডের অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির।

নির্ভয়াকাণ্ডের ৪ অপরাধীর মধ্যে অন্যতম মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সুপ্রিম কোর্টের পর রাষ্ট্রপতির কাছেও প্রাণভিক্ষার আবেদন খারিজ হয়ে যাওয়ায় মুকেশের মৃত্যুদণ্ড রদ হওয়ার কোনও পথ খোলা রইল না।

প্রথমে সুপ্রিম কোর্টে প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে যাওয়ার পর শেষ চেষ্টা হিসাবে গত মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে আবেদন করে নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের অন্যতম অপরাধী মুকেশ সিং। বৃহস্পতিবার রাতেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মুকেশের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। এর সাথে সাথে দিল্লি সরকারও মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানায়। শেষপর্যন্ত দিল্লি সরকারের আবেদনেই শিলমোহর পড়ল। শুক্রবার সকালে মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রাখলেন রাষ্ট্রপতি কোবিন্দ।

তবে মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ হলেও ২২ জানুয়ারি তার ফাঁসি হওয়া নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। কারণ দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার ৪ অপরাধী- বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংকে ২২ জানুয়ারি সকাল ৭টায় তাদের ফাঁসিকাঠে ঝোলানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু মুকেশ প্রথমে সুপ্রিম কোর্টে ও পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায়। সেই আবেদন নাকচ হওয়ায় আইনি নিয়ম অনুযায়ী, অপরাধীর প্রাণভিক্ষার আবেদনের ১৪ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া যায় না। ফলে ২২ তারিখ আদৌ তাদের ফাঁসি দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদিও ২২ জানুয়ারি নির্ভয়ার অপরাধীদের ফাঁসিকাঠে ঝোলাতে প্রস্তুতির খামতি রাখছে না তিহার জেল কর্তৃপক্ষ। চার অপরাধীকে ইতিমধ্যে তিহার জেলের ২ নম্বর ব্লকে নিয়ে আসা হয়েছে। সেখানেই রয়েছে ফাঁসিকাঠ।

RELATED Articles

Leave a Comment