মাসের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস। ফের একবার কমল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় প্রায় ৩৬ টাকা ৫০ পয়সা কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম। এর জেরে বেশ স্বস্তিতে দেশবাসী। গ্যাসের দাম কমায় পণ্য বাজারেও দাম কমবে বলে মনে করা হচ্ছে।
তবে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরই দাম কমেছে। এর জেরে হোটেল ব্যবসায়ীরা একটু স্বস্তিতে। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে আগে ব্যবসায়ীর খরচ পড়ত ২ হাজার ৯৫ টাকা ৫০ পয়সা। তবে মাস পয়লায় সিলিন্ডারের দাম কমায় এবার খরচ কমে দাঁড়াল ১ হাজার ৯৭৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে বাণিজ্যিক গ্যাসের দাম ১ হাজার ৯৩৬ টাকা ৫০ পয়সা। চেন্নাইয়ে ২ হাজার ১৪১ টাকা।
এর আগে জুলাই মাসের শুরুতেও দাম কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের। সেই সময় একধাক্কায় ১৮২-১৯৮ টাকা দাম কমে ১৯ কেজি সিলিন্ডারের। এর আগে জুন মাসেও কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। সেই সময় ১৩৫ টাকা কমে যায় সিলিন্ডারের দাম।
আর এবার আগস্ট মাসের শুরুতেই দাম কমল ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। পরপর তিনমাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। এর জেরে পণ্য বাজারেও পড়বে প্রভাব। তবে গৃহস্থালির হেঁশেলের খবর সুখদায়ক নয়। ১৪.২ কেজির অর্থাৎ গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু কমে নি। তা অপরিবর্তিতই রয়েছে।
বলে রাখি, গত মে মাসে পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক অনেকটা কমায় কেন্দ্র সরকার। এর জেরে অনেকটাই দাম কমে জ্বালানির। এর পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গৃহস্থালির গ্যাস সিলিন্ডারেও ২০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করে মোদী সরকার। তবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম নিয়ে মধ্যবিত্তদের কপালে বেশ ভাঁজ পড়েছে বৈ কী!





