মাসের শুরুতেই স্বস্তি আমজনতার! এক ধাক্কায় ২০০ টাকা কমে গেল গ্যাস সিলিন্ডারের দাম

মাসের শুরুতেই বেশ স্বস্তিতে জনগণ। বেশ খানিকটা কমল জ্বালানির দাম। জুলাই মাসের শুরুতেই এক ধাক্কায় ১৮২-১৯৮ টাকা দাম কমে গেল গ্যাস সিলিন্ডারের। এর জেরে আমজনতা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলেই মনে করা হচ্ছে। এর জেরে পণ্য বাজারেও প্রভাব পড়বে।

তবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার নয়, দাম কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের। আজ, শুক্রবার থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৮২ টাকা। এর ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম কমে দাঁড়াল ২ হাজার ১৪০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ১৯০ টাকা ৫০ পয়সা। ফলে সেখানে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দু’হাজার টাকার নীচে নেমে গেল। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দাম চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে ১৮৭ টাকা।

গত মাসেও বেশ অনেকটা দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের। সেই সময় এক ধাক্কায় প্রায় ১৩৫ টাকা দাম কমানো হয়েছিল গ্যাস সিলিন্ডারের। পরপর দু’মাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে এলপিজি চালিত গাড়ির মালিকরা যে বড়সড় স্বস্তি পাবেন, তা বলাই বাহুল্য। নানান পণ্যের উপরও এর প্রভাব পড়বে পরোক্ষভাবে।

তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও গৃহস্থালির গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও প্রভাব পড়ে নি। ১৪ কেজির গ্যাস সিলিন্ডারের দাম এই মাসে কমেনি। এর ফলের গৃহস্থালির হেঁশেলে কোনও স্বস্তির খবর আপাতত নেই।

উল্লেখ্য, মে মাসের শেষের দিকে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটা কম করে কেন্দ্র। পেট্রোলের উপর থেকে শুল্ক কমানোর ফলে প্রতি লিটার পেট্রোলে দাম কমে সাড়ে আট টাকা। আর প্রতি লিটার ডিজেলের দাম কমে ৭ টাকা। এর পাশাপাশি উজ্জ্বলা যোজনার আওতায় থাকা এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্তও নেয় কেন্দ্র।

আরও অন্যান্য খবর