আজগুবি তত্ত্ব, অন্ধবিশ্বাসে প্রসিদ্ধ কোন দেশ? নিঃসন্দেহে উত্তর হবে ভারতবর্ষ। করোনার বিরুদ্ধে যেখানে বিজ্ঞান এঁটে উঠতে পারছে না, করোনা ভাইরাসকে রুখতে যখন গোটা বিশ্ব বিজ্ঞানচর্চায় মগ্ন, ওষুধ ও ভ্যাকসিন তৈরিতে অক্লান্ত পরিশ্রম করছেন চিকিত্সা বিজ্ঞানীরা, তখন ওড়িশায় করোনা মহামারি রুখতে এবার দেওয়া হল নরবলি! কটকের স্থানীয় এক যুবককে বলি দিয়ে তাঁর মুন্ডু উত্সর্গ করল একটি মন্দিরের পূজারি৷ মন্দিরের মধ্যেই ওই যুবককে বলি দেয় ওই পিশাচ৷ তারপর মুন্ডুটি রেখে পুজো করে৷ পুরোহিতের বক্তব্য, ভগবান তুষ্ট হবে৷ করোনা মহামারি থেমে যাবে৷
বুধবার মধ্যরাতে এই গা শিউরে ওঠা ঘটনাটি ঘটে কটকের নরসিংহপুর থানা এলাকায়৷ অভিযুক্ত পুরোহিতের নাম সনসারি ওঝা৷ বয়স ৭২৷ একটি নামী মন্দিরের পুরোহিত নাকি সে৷ নরবলি দিয়ে পুজো শেষ করে, তারপর সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে৷

যাকে নরবলি দিয়েছে, সেই যুবকের নাম সরোজ কুমার প্রধান, বয়স ২৫৷ অভিযুক্ত পুরোহিত পুলিশকে জানিয়েছে, নরবলির আগে তার সঙ্গে সরোজের বচসা হয়৷ পুলিশি জেরায় ওই পুরোহিত বলে, স্বপ্নে তাঁকে ভগবান নির্দেশ দিয়েছিল৷ নরবলি দিলেই করোনা ভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ ভগবানের নির্দেশেই সে নাকি নরবলি দিয়েছে৷
একটি কুড়ুল দিয়ে যুবকের ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল ওই পুরোহিত৷ সেই কুড়ুলটি উদ্ধার করেছে পুলিশ৷ সরোজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে দীর্ঘ দিন ধরেই বচসা হতো ওই খুনী পুরোহিতের৷
ডিআইজি (সেন্ট্রাল রেঞ্জ) আশিস কুমার সিংয়ের কথায়, ‘অপরাধি প্রচণ্ড মদ্যপ ছিল বলি দেওয়ার সময়৷ রাতে নরবলি দিয়ে সকালে তার হুঁশ ফেরে৷ তারপর সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷’





