লকডাউনে মিলছে না বেতন। বিক্ষোভে নামী মাল্টিপ্লেক্সের কর্মচারীরা! দাবি ভুয়ো জানাল আইনক্স

এবার বেতন না দেওয়ার অভিযোগ উঠল ভারতের অন্যতম বড় মাল্টিপ্লেক্সের বিরুদ্ধে। গত দুদিন ধরেই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে আইনক্স স্বভূমির সামনে বিক্ষোভরত বেশ কিছু আইনক্সের কর্মচারীকে।

এবার প্রশ্ন হলো কেন‌ও তাঁরা বিক্ষোভ করছেন?

তাঁদের অভিযোগ তাঁদেরকে বেতন দিচ্ছে না মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। বাতিল করে দেওয়া হয়েছে তাঁদের কনট্রাক্টও। এখন প্ল্যাকার্ড হাতে স্বভূমি আইনক্সের সামনে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন। প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘আমরা আইনক্সের কর্মচারী, আমাদের বেতন নেই, আমরা কী খাব?’

তাঁরা আরও অভিযোগ করেন সংস্থার অফিসিয়াল পেজেও তাঁরা অভিযোগ জানাতে পারছেন না, কারণ তাঁদের প্রোফাইল ব্লক করে দেওয়া হয়েছে।

এই বিষয়ে কি বলছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ?

কর্মীদের এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে মাল্টিপ্লেক্স চেন আইনক্স। আইএএনএসকে তাঁরা জানিয়েছে, ‘বিক্ষোভরত কর্মীরা আমাদের কর্মচারী নয়। তাঁদেরকে অপর একটি কর্মচারী জোগান দেওয়া সংস্থার থেকে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করেছিল আইনক্স। সেই সংস্থার নাম ইননভ সোর্স (INNOV Source)। প্রত্যেক বিক্ষোভ প্রদর্শনকারী কর্মীই ওই সংস্থার কর্মচারী।

‘ইননভ সোর্স ফার্ম সংস্থাটি কয়েক কোটি মার্কিন ডলারের ক্যাপিটাল ফান্ড সামারা ক্যাপিটালের একটি উদ্যোগ। আইনক্সের চুক্তি ওই ফার্মের সঙ্গে ২০২০-র ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে। এবং সেই পুরো বিষয়টি ওই কর্তৃপক্ষ জানে। ‘ইননভ সোর্স’ নিজেদের কর্মচারীদের ভুল তথ্য দিচ্ছে এবং তাঁদের কর্মচারীদের বেতন দিচ্ছে না, তাঁরা ১৩০০ কোটি টাকার কোম্পানি। তাঁদের দেশজুড়ে ৭০,০০০ কর্মচারী রয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমারা দাবি জানাচ্ছি ইননভ সোর্স শীঘ্রই তাঁর কর্মচারীদের বেতন মিটিয়ে দিক এবং সত্যিটা সামনে নিয়ে আসুক’, আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়ে জানিয়েছে আইনক্স কর্তৃপক্ষ।

আরও অন্যান্য খবর