ধেয়ে আসছে আমফান। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে যে দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল হওয়া অফিস তা এবার সত্যি হতে চলেছে। প্রবল শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ উপকূলেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আমফান। শনিবার সকালে সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী বুধবার বেলা ১২টা নাগাদ মন্দারমণির কাছে প্রবেশ করতে চলেছে ঘূর্ণিঝড়টি। যার জেরে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
বৈশাখ শেষের সাথে সাথেই বিদায় নিয়েছে কালবৈশাখী, জ্যৈষ্ঠের শুরুতেই নাভিশ্বাস ওঠা গরম, এই পরিস্হিতিতে আমফানের জেরে একটু স্বস্তির বৃষ্টি আসতে চলেছে। আবহাওয়া দপ্তর-এর পূর্বাভাসের যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, মোটামুটি আয়লার পথ ধরেই এগিয়ে আসছে আমফান। ২০০৯ সালের ২৬শে মে দক্ষিণ ২৪ পরগনার উপকূলে আছড়ে পড়েছিল আয়লা। দশক পেরোলেও সেই ভয়াবহতা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে থেকেই গেছে। সেই দুর্যোগেরই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে স্থলভাগে প্রবেশ করার সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ১৭০ কিলোমিটার। পূর্ব মেদিনীপুর দিয়ে প্রবেশের পর হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হয়ে ঝড়টি ঢুকবে বাংলাদেশে।
বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ হিসাবেই অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। এখন দিঘা থেকে প্রায় ১,২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান তার। পূর্বাভাসে বলা হয়েছে, আজই সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং আগামী ২৪ ঘণ্টায় সেটি প্রবল গতিমুখ বদল করে স্থলভাগের দিকে এগিয়ে আসবে। বর্তমানে উত্তর-পশ্চিম দিকে এগোলেও আগামিকাল থেকে তার অভিমুখ পরিবর্তন করে সেটি উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে।





