৩ মিনিটের ভিডিও কলে, একসঙ্গে ৩৭০০ কর্মী ছাঁটাই উবেরে

করোনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব অর্থনীতি। চরম অর্থনৈতিক মন্দার সম্মুখীন গোটা পৃথিবী। তাই কর্মসংস্থাগুলিতে চলছে যথেচ্ছ কর্মী ছাঁটাই। কারণ সংস্থাগুলো মাইনেও দিতে পারছে না তাই পিঙ্ক স্লিপ ধরাচ্ছে কোম্পানিগুলো। এবার ক্ষতি এড়াতে ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যাপ ক্যাব সংস্থা উবের। মাত্র তিন মিনিটের জুম কলে কাজ হারালেন ১৪ শতাংশ উবের কর্মী।

উবেরের ক্রেতা সুরক্ষা বিভাগের প্রধান রাফিন শাভেলিউ সম্প্রতি জুম অ্যাপের মাধ্যমে কনফারেন্স কলে ঘোষণা করেন এই বার্তা। ক্রেতা সুরক্ষায় কর্মরত ৩৫০০ জন কর্মীকে জানানো হয় এই কঠিন পদক্ষেপের কথা। এছাড়াও আরো বেশ কয়েকটি বিভাগের ২০০ কর্মীকেও দেওয়া হয় এই দুঃসংবাদ। করোনার কারণে এই সংস্থার অর্থনৈতিক অবস্থা শোচনীয় পর্যায়ে নেমে এসেছে। কাজেই এই মুহূর্তে ক্রেতা সুরক্ষায় কোনো কর্মী লাগবে না, তা স্পষ্টই জানিয়ে দেয় উবের কর্তৃপক্ষ।

কিছুদিন আগেই এই সংস্থার ফুড অ্যাপ ‘উবের ইটস’ পাকাপাকিভাবে বন্ধ হয়ে যায়। জোম্যাটো কিনে নেয় উবের ইটস কে। উবের ইটস বন্ধ হয়ে যাওয়ার পর কাজ হারিয়েছিলেন প্রচুর মানুষ। তারপর এবার আবারও কর্মী ছাঁটাইয়ের শিকার হলেন উবের কর্মীরা। ২০২০-এর প্রথম তিনমাসে এই সংস্থা প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া পরিবহণে গাড়ির পাশাপাশি বাইক ও স্কুটার সংযোজনের জন্য এই সংস্থা বিনিয়োগ করেছিল সাড়ে আট কোটি মার্কিন ডলার। লকডাউনের বাজারে অর্থনৈতিক মন্দায় তলিয়ে গেছে পুরো পরিকল্পনাই। তাই সংকটকালীন এই পরিস্থিতিতে উবেরের লক্ষ্যই হল যেনতেন প্রকারে ক্ষতি আটকানো।

এদিন ভিডিও কলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কর্মীদের সাধ্যমতো আর্থিক সাহায্য প্রদানের চেষ্টা করবে সংস্থা। কিন্তু এই প্যাকেজে কতটা সাহায্য মিলবে, তা এখনো অধরা। কর্মীদের একটি বড় অংশ বিনা নোটিশে কাজ হারানোয় ফেটে পড়েছেন রাগে। এই ঘটনায় কঠিন সমালোচনার মুখোমুখি উবেরও। মাত্র তিন মিনিটের কলে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই কতটা যুক্তিযুক্ত, সে ব্যাপারেই প্রশ্ন তুলছে সবাই।

RELATED Articles

Leave a Comment