স্বামীকে খুন করলেও স্ত্রী পাবেন পেনশন, রায় হাইকোর্টের

এমনিতেই গত কয়েকদিন ধরে পকসো আইন নিয়ে বম্বে হাইকোর্টের রায়কে ঘিরে গোটা দেশে শুরু হয়েছে বিতর্ক। এরই মধ্যে আরও একটি বিতর্কিত রায় পেশ করল পঞ্জাব ও হরিয়ানা আদালত। আদলতের তরদ থেকে রায় দেওয়া হয়েছে যে কোনও স্ত্রী যদি তাঁর স্বামীকে খুন করেন, আর স্বামী যদি সরকারী চাকুরীজীবী হন, তাহলে স্বামীর মৃত্যুর পরেও নিয়মানুযায়ী পেনশন পাবেন স্ত্রী। এই রায় নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।

জানা গিয়েছে, বলজিৎ কর নামের অম্বালার এক মহিলা আদালতে একটি পিটিশন জমা দিয়েছেন। সেখানে মহিলা জানান যে ২০০৮ সালে কর্মরত থাকাকালীনই তাঁর স্বামী তারসেম সিংয়ের মৃত্যু হয়। এর পরের বছর বলজিৎ-এর নামে তাঁর স্বামীকে খুন করার অভিযোগ ওঠে। এরপর ২০১১ সালে তিনি দোষী সাব্যস্ত হন। বলজিৎ-এর অভিযোগ, স্বামীর মৃত্যুর পর তিনি তাঁর মৃত স্বামীর পেনশন পেতেন । কিন্তু তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর সেই পেনশন বন্ধ করে দেয় হরিয়ানা সরকার। এরপর তিনি আদালতের দ্বারস্থ হন।

এই মামলার শুনানিতেই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানায় যে ফ্যামিলি পেনশন আসলে জনকল্যাণ মূলক প্রকল্প। কোনও সরকারী চাকুরীজীবীর মৃত্যু হলে তাঁর পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্যই এই প্রকল্প। তাই ভারতীয় দণ্ডবিধির কোনও মামলায় দোষী সাব্যস্ত হলেও স্বামীর পেনশন পাবেন স্ত্রী। স্বামীকে খুন করলেও স্ত্রী স্বামীর পেনশন পাবেন বলে জানিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। তাছাড়া, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের তরফ থেকে হরিয়ানা সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে সরকার যেন আগামী দু’মাসের মধ্যে ওই ব্যক্তির বকেয়া পেনশনের টাকা মিটিয়ে দেয়।

আরও অন্যান্য খবর