নিশানায় পুরোহিত। বাঁচাতে গিয়ে আহত হলেন কিশোরী। পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে পুরোহিতের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত পাঞ্জাবের জলন্ধর জেলার ফ্ললোর গ্রামের। প্রাপ্ত খবর অনুযায়ী, পুরোহিতের দেহে ৩ টি গুলি লেগেছে। এক নাবালিকাও গুলি লেগে আহত হয়েছে। দুজনকেই লুধিয়ানার ডিএমসিতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল অর্থাৎ রবিবার সকালে দুষ্কৃতীরা গ্রামের একটি মন্দিরে ঢুকে পুরোহিত সন্ত জ্ঞান (৩৯) এর উপর গুলি চালায়। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে ওই আক্রান্ত পুরোহিত মাটিতে লুটিয়ে পড়েন। জানা গিয়েছে যে, পুরোহিতের শরীর থেকে ৩ টি গুলি উদ্ধার হয়েছে।
ওই কালী মন্দিরে পুরোহিতের উপর গুলি চালানোর সময় এক ১৮ বছর বয়সী নাবালিকা পুরোহিতকে বাঁচাতে যায়, তখন দুষ্কৃতীরা তাঁর উপরেও গুলি চালায়। দুজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জন আহতের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এই গুলি চালানোর ঘটনা জানাজানি হতেই DSP, SHO পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। মন্দিরে গিয়ে শুরু হয় তদন্ত। আপাতত হামলাকারীদের গ্রেফতার করা যায়নি। পুরোহিতকে কেনই বা গুলি মারা হয়েছিল সেটাও জানা যায়নি।





