Mamata Banerjee : স্কুল লাইব্রেরিতে বাধ্যতামূলক মমতার বই! রাজ্যের পড়ুয়াদের জন্য ১৯টি বইয়ের তালিকা জারি!

রাজ্যের সরকারি স্কুলে পড়াশোনা মানেই শুধু পাঠ্যবইয়ের গণ্ডি নয়, বরং বই পড়া ও সাহিত্যচর্চার দিকেও নজর দিচ্ছে সরকার। এবার সেই লক্ষ্যেই নতুন সিদ্ধান্ত রাজ্য সরকারের। তবে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মুখ্যমন্ত্রীর লেখা বই এবার বাধ্যতামূলকভাবে জায়গা পাবে স্কুল লাইব্রেরিতে—এই ঘোষণায় মিলছে মিশ্র প্রতিক্রিয়া।

জানা গিয়েছে, এবার রাজ্যের সমস্ত সরকারি স্কুলের লাইব্রেরিতে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। মুখ্যমন্ত্রীর লেখা ‘মা’, ‘কথাঞ্জলী’, ‘জল ও পাথর’–সহ ১৯টি বই রাখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। শিক্ষা দফতরের তরফে এর নির্দেশ জারি হয়েছে প্রতিটি জেলায়।

বই পাঠানোর ক্ষেত্রে পর্যায়ক্রমে ভাগ করা হয়েছে জেলার তালিকাকে। প্রথম ধাপে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, মালদহ, শিলিগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার স্কুলগুলিতে এই বই পৌঁছবে। এরপর একে একে পৌঁছবে অন্যান্য জেলাতেও।

বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, মোট ৫১৫টি বই কিনতে বলা হয়েছে প্রতিটি স্কুলকে, যার মধ্যে মুখ্যমন্ত্রীর লেখা রয়েছে ১৯টি। ইতিমধ্যেই এই বই কেনার জন্য স্কুলগুলিকে দেওয়া হয়েছে ১ লক্ষ টাকা করে অনুদান। শিক্ষা দফতরের মতে, এই বইগুলি পড়ুয়াদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে, কারণ এর অনেকগুলি বইতেই রয়েছে কবিতা, গল্প ও ভাবনাচিন্তার উপাদান।

তবে এই সিদ্ধান্ত ঘিরে উঠেছে বিরোধী সুর। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের কথায়, “সরকারি টাকায় মুখ্যমন্ত্রীর নিজের লেখা বই লাইব্রেরিতে বাধ্যতামূলক করা ক্ষমতার অপব্যবহার। কোনও মুখ্যমন্ত্রী পদে থাকা অবস্থায় এমনটা করেছেন কি না মনে পড়ে না।” তাঁর মতে, মুখ্যমন্ত্রীর উচিত এই নির্দেশ প্রত্যাহার করা।

আরও পড়ুনঃ সংঘর্ষবিরতি ভেঙেই ইরানের হামলা! পালটা জবাবের হুঁশিয়ারি ইজরায়েলের

তবে একাধিক রাজনৈতিক মহল বলছে, মুখ্যমন্ত্রী বরাবরই সৃজনশীল মানুষ। তিনি কবিতা লেখেন, গান রচনা করেন, ছবি আঁকেন। তাঁর লেখা বই কলকাতা বইমেলায় বিক্রি হয় প্রচুর। তাই তাঁকে পাঠ্য তালিকায় না এনে, বইকে লাইব্রেরিতে রাখা নিয়ে এত বিতর্ক অনুচিত। তবুও বিষয়টি শিক্ষা ব্যবস্থা ও নীতিগত প্রশ্নের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে, যার রেশ আগামী দিনে রাজনীতিতে পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles