করোনার নজরদারিতে ব্যবহৃত বিশেষ থার্মাল সিসিটিভি ক্যামেরায় চীনের প্রযুক্তি থাকায় তা বাতিল করে নতুন দরপত্র আহ্বান করল ভারতীয় রেলের টেলিকম বিভাগ ‘রেলটেল’। এমনকি এবার থেকে দরপত্রে পণ্য উৎপাদক দেশের নাম বাধ্যতামূলক করা হয়েছে।
গত ১লা জুলাই এক বেসরকারি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, থার্মাল সিসিটিভি ক্যামেরা সরবরাহের বরাত এক চীনা সংস্থা পাওয়ার জেরে ভারতীয়রা প্রবল আপত্তি দেখিয়েছে। তাই বাধ্য হয়ে দরপত্র বাতিল করেছে রেল মন্ত্রক। জানা গিয়েছিল, বরাতপ্রাপ্ত দরপত্রে যে ‘ডিপইনমাইন্ড’ নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির উল্লেখ করা হয়েছে, তা আদতে চীন সরকারের আংশিক মালিকানাধীন হিকভিশন সংস্থার পণ্য।
হিকভিশনের দাবি, তাদের প্রযুক্তি ব্যবহার করে তৈরি নেটওয়ার্ক ভিডিয়ো রেকর্ডার-এর নিজস্ব ‘মন’ রয়েছে এবং ভিডিয়ো স্ট্রিম থেকে মানুষ ও বাহনকে সে বিশ্লেষন করে পৃথক করতে সক্ষম।
সোমবার প্রকাশিত নতুন দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তিতে এই কারণে ওই প্রযুক্তিগত বৈশিষ্ট্যের উল্লেখ বাদ দিয়েছে রেলটেল। একই সঙ্গে বলা হয়েছে, সরবরাহ করা পণ্যের উৎপাদনকারী দেশ সম্পর্কে সবিস্তার জানাতে হবে সমস্ত সংস্থাকে।
তবে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে আগের দরপত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট নতুন দরপত্রেও রাখা হয়েছে, তার নাম হল ‘ব্ল্যাকবডি টেম্পারেচার’। এই বিশেষ বৈশিষ্ট্যের সাহায্যে মানুষের শরীর থেকে বের হওয়া তাপমাত্রা বুঝে তাঁর জ্বর হয়েছে কি না, তা জানাতে পারবে সিসিটিভি ক্যামেরা।
এ ছাড়া, একসঙ্গে একাধিক ব্যক্তির শরীরের তাপমাত্রা হিসেব করতেও এই ক্যামেরায় বিশেষ সফ্টওয়্যার থাকতে হবে। সেই সঙ্গে মাস্ক পরীক্ষা, মাস্কের অনুপস্থিতিতে অ্যালার্ম বাজানো, মাস্ক পরা থাকলেও ব্যক্তির পরিচয় নির্ণয় করা এবং অচেনা ব্যক্তিকে খুঁজে বার করার ক্ষমতা থাকতে হবে এই ক্যামেরার।





