পোস্ট কোভিড কোচ বানাচ্ছে রেল, পরিস্থিতি স্বাভাবিক না হলে এই কোচেই শুরু হবে রেল চলাচল

এবার করোনা সংক্রমণ রুখতে পোস্ট কোভিড কোচ নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল। এই কোচের উৎপাদনও শুরু হয়ে গিয়েছে পাঞ্জাবের কপুরথালাতে। এখন যা পরিস্থিতি এটা বোঝা যাচ্ছে যে আমাদেরকে করোনা নিয়েই বাঁচতে হবে। আর এই পরিস্থিতি আমরা ধীরে ধীরে মেনে নিতেও শুরু করেছি। মাস্ক পরা, সারাক্ষণ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, ইত্যাদি জিনিস কে আমরা নিউ নরমাল বলে পালন করতে শুরু করেছি। টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত সাবধানতা অবলম্বন করা ছাড়া আর কোনও উপায় নেই।

মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই গোটা দেশে বন্ধ রেল পরিষেবা। কিছু দূরপাল্লার ট্রেন ও শ্রমিক স্পেশাল ট্রেন ছাড়া লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল একদমই বন্ধ। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অগাস্ট পর্যন্ত কোনও ট্রেন চলাচল সম্ভব নয়। তবে ওয়াকিবহাল মহল বলছে যে এরপরেও ট্রেন চালানো যাবে কিনা সন্দেহ কারণ দেশের করোনা পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে লোকাল ট্রেন চালানো কোনভাবেই এখন সম্ভব না। যদিও ভারতে এখন করোনাতে সুস্থতার হার ৬৩% আছে তবুও আক্রান্তের হার এখনো কমছে না। তাই পরবর্তী পরিস্থিতি সামলানোর জন্য রেল এখন থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে।

ভারতীয় রেল ইতিমধ্যে পোস্ট কোভিড কোচ বানাতে শুরু করেছে। এই কোচে যাত্রীদের করোনা সংক্রমণ থেকে বাচাতে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ থেকে যাত্রীদের বাঁচাতেই এই কোচ বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে। কোচের জানালা, ছিটকিনি এবং হাতল কপার কোটেড হবে। কারণ কপার কোটেড জিনিসের ওপর করোনাভাইরাস বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। এছাড়া কোচে প্লাজমা এয়ার পিউরিফায়ার লাগানো থাকবে। যাতে কোচের বাতাস বিশুদ্ধ রাখা যায়। টাইটেনিয়াম ডাই অক্সাইডের প্রলেপ দেওয়া থাকবে সিটের উপর। এছাড়া বেসিন ও টয়লেটের জল ব্যবহারের হাতল পা দিয়ে অপারেট করা যাবে। এতে হাত দিয়ে ধরার প্রয়োজন পড়বে না। এমনকি যে ওয়াশ বেসিন থাকে তার ওপরেও কপার কোটিং করা হবে।

জানা যাচ্ছে, আপাতত কয়েকটি রুটে চলবে এই পোস্ট কোভিড কোচ। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে ধীরে ধীরে বহু রুটে এই কোচ চলাচল শুরু হবে।

RELATED Articles

Leave a Comment