তবে কি মধ্যপ্রদেশ হতে চলেছে রাজস্থান? হয়তো কিছুদিনের মধ্যেই উত্তর দেবেন শচীন পাইলট। তবে সরকার যাতে না পড়ে যায় সেই জন্য তড়িঘড়ি আজ রাত ন’টায় কংগ্রেস বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সূত্রানুযায়ী আজ রাত ন’টায় মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হবে। সেখানে উপস্থিত থাকবেন কংগ্রেস বিধায়করা। সেইসঙ্গে নির্দল ও অন্যান্য দলের বিধায়করা যারা কংগ্রেস সরকারের সমর্থন জুগিয়েছিলেন তাঁরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে।
সম্প্রতি জানা গিয়েছিল যে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ডাকা বৈঠকে শচীন পাইলট সহ ২৫ জন বিধায়ক যোগ দেননি। তাঁরা এই বৈঠকে যোগ দেওয়ার বদলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে চলে এসেছিলেন দিল্লি। এই ২৫ জনের দলে তিন জন বিধায়ক ছিলেন যাঁদের বিরুদ্ধে রাজস্থান সরকারের দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করেছিল এই মর্মে যে এই তিন বিধায়ক নাকি রাজস্থান সরকার ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা শুরু করেছেন।
এই খবর সামনে আসার পর থেকেই সরকার বাঁচাবার জন্য তৎপর হয়ে ওঠেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলট। দলের বাকি বিধায়কদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন তিনি। এছাড়া গতকাল রাতে রাজ্যের অন্যান্য মন্ত্রীর সঙ্গেও একপ্রস্থ আলোচনায় বসেন গেহলট। সেই বৈঠকের পর ক্রীড়ামন্ত্রী অশোক চন্দানা বলেন, ‘যে ব্যক্তি দলের লাইন বা সম্মান অতিক্রম করেছেন, তাঁকে বিশ্বের কোথাও সম্মান দেওয়া হয় না। প্রজন্ম ধরে যে সম্মান অর্জন হয়েছে, তা খুইয়ে ফেলার সময় নয় এটা।’
এর মধ্যেই রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে আসেন কয়েকজন বিধায়ক এবং মন্ত্রী। তাঁরা জানিয়েছেন যে তাঁরা এই সময় মুখ্যমন্ত্রীর পাশেই থাকবেন। মুখ্যমন্ত্রীর বাসভবনে নিযুক্ত আধিকারিকরা জানিয়েছেন, কমপক্ষে ৯৫ জন বিধায়ক গেহলট সরকারকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন। রাজস্থান বিধানসভা আসন সংখ্যা ২০০। স্বাভাবিক নিয়মে ম্যাজিক ফিগার হল ১০১। আপাতত কংগ্রেসের হাতে রয়েছেন ১০৭ জন বিধায়ক। পাশাপাশি ১২ জন নির্দল এবং পাঁচ জন অন্য দলের বিধায়কও কংগ্রেস সরকারে সমর্থনে জুগিয়েছেন।
এদিকে বিজেপির হাতে রয়েছে ৭২ জন বিধায়ক।সেখানে শচীন পাইলট সহ ২৬ জন বিজেপিতে যোগ দিলে সমস্যায় পড়ে যেতে পারে কংগ্রেস সরকার। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে এই আগেভাগেই দল গুছিয়ে রাখতে তৎপর হয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এখন রাজস্থানের অবস্থাও মধ্যপ্রদেশের মত হয় কিনা সেটাই দেখার।





