দেশজোড়া লকডাউনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত লোকশিল্পীদের সহায়তায় এগিয়ে এল রাজস্থান সরকার। তাঁদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে রাজস্থানের সংস্কৃতি দফতর। সেখানে বলা হয়েছে, লোকশিল্পীরা তাঁদের শিল্পের ভিডিও করে পাঠাক। সরকার সেই পারফরম্যান্স বিচার করে তাঁদের পুরস্কৃত করবে।
রাজস্থানের কলা ও সংস্কৃতি মন্ত্রী বিডি কাল্লা বলেন, গ্রামীণ এলাকায় থাকা একক লোকশিল্পীরা তাঁদের নিজ নিজ ঘরে একটি ১৫ থেকে ২০ মিনিটের পারফরম্যান্সের ভিডিও করে পাঠাক আমাদের কাছে। এমন অনেক শিল্পী আছেন, যাঁদের রুটি-রুজির একমাত্র উৎস হল সঙ্গীত পরিবেশন বা পারফরম্যান্স। করোনা আতঙ্কের মাঝে এমন অভিনব উদ্যোগের মাধ্যমে ওই শিল্পীদের সাহায্য করার চেষ্টা করছে রাজস্থান সরকার। জানানো হয়েছে, মোবাইল ফোন বা ক্যামেরায় ওই পারফরম্যান্স রেকর্ড করে পাঠানো যাবে। সঙ্গে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আধার কার্ডের প্রতিলিপি, ইত্যাদি। জানা গিয়েছে, প্রত্যক বিজয়ীর হাতে আড়াই হাজার টাকা করে তুলে দেওয়া হবে।
জয়পুরের রবীন্দ্র মঞ্চকে এই প্রকল্পের জন্য প্রধান কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায়, শুধুমাত্র একক লোকশিল্পী, লোকযন্ত্রশিল্পী, লোকনৃত্যশিল্পী ও লোকসঙ্গীত শিল্পীদের আবেদন গ্রহণ করা হবে।





