জমায়েত সরাতে গিয়ে পাঞ্জাবে হাত খোয়ালেন পুলিশকর্মী।

সব্জির বাজারে চোখে পড়ার মতো ভিড়। নূন্যতম সামাজিক দূরত্ব টুকুও বজায় রাখছেন না কেউই। করোনা সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতেই ভিড় সরাতে ছুটে গিয়েছিলেন একদল পুলিশকর্মী। কিন্তু, উল্টে তাঁদের ওপরেই চড়াও হল স্থানীয়রা। ধারাল অস্ত্রের কোপে হাত গেল অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টরের। রবিবার সকালে এই ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাটিয়ালা জেলায়। ঘটনায় অভিযুক্ত ৩ নিহাং সম্প্রদায়ের ব্যক্তিকে ইতিমধ‍্যেই গ্রেফতার করেছে পুলিশ। আরও ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে পঞ্জাবের পাতিয়ালায় সবজি মান্ডিতে অস্বাভাবিক ভিড়ের খবর পান স্থানীয় পুলিশকর্মীরা। এরপরই সবজি মান্ডির পরিচালন সমিতির কয়েকজন সদস্যের সঙ্গে সেখানে হাজির হন তাঁরা। মান্ডিতে আসা ব্যক্তিদের কাছে বের হওয়ার কারণ বা কার্ফু পাস দেখতে চেয়েছিলেন তাঁরা। সেই সময়‌ই একদল নিহাং শিখ সম্প্রদায়ের মানুষের কাছে তাঁদের বাইরেই বের হওয়ার কারণ জানতে চাইলে শুরু হয় বচসা।

https://twitter.com/ANI/status/1249194965802061825

https://twitter.com/ANI/status/1249219730340114435

সবজি মান্ডির মধ্যেই নিহাং সম্প্রদায়ের কয়েকজন মিলে পুলিশকর্মী ও মান্ডি পরিচালন কমিটির সদস্যদের ওপর আক্রমণ করে। সেই সময়ে ধারাল অস্ত্রের কোপে হাত বাদ যায় কর্তব্যরত এএসআই এর। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্তমানে তাকে চন্ডীগঢ় পিজিআইতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ছাড়াও আরও ২ পুলিশকর্মী জখম হয়েছেন। পাঞ্জাব পুলিসের ডিজিপি জানান, তিনি নিজে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। নিহাংদের ওই দলকে গ্রেফতার করা হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পাঞ্জাবে এখনও পর্যন্ত ১৫১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১১ জন। এরপরেও স্থানীয় মানুষের মধ্যে স্পষ্ট সচেতনতার অভাব। শুধু তাই নয়, নৃশংসতার সীমা লঙ্ঘন করছে তাঁরা।

RELATED Articles

Leave a Comment