করোনা কালে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে আগামী ৫ই আগস্ট। দেশজুড়ে কোথাও আনন্দ তো কোথাও প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র! অযোধ্যায় জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যে সরযূ নদীর তীরে অবস্থিত অযোধ্যা, তাও সাজিয়ে তোলা হচ্ছে। ঝলমল করছে নয়া ঘাট। চলছে পরিষ্কার এবং স্যানিটাইজেশনের কাজ। রাম জন্মভূমিতে যাওয়ার রাস্তা চকচক করছে। প্রায় ৫০০ জন সাফাইকর্মী দিনরাত শহরের আনাচে-কানাচে কাজ করছেন।
তবুও সাবধানতার মার নেই। সেই কারণেই করোনা আবহে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের মঞ্চে মাত্র পাঁচজন থাকবেন। সেই তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতরা।
সোমবার রাম মন্দিরের অনুষ্ঠানের যে আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী। বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন সংঘ প্রধান। এছাড়াও থাকবেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
ইতিমধ্যেই অযোধ্যা শহরের মূল রাস্তায় রামায়ণের বিভিন্ন গ্রাফিটি এবং ছবি আঁকা হয়েছে। মন্দিরের চারপাশের বাড়িগুলিতে হলুদ রঙের পোঁচ পড়েছে। শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্রের মহন্ত নৃত্য গোপাল দাস বলেন, ‘হলুদ একটি শুভ রঙ। হিন্দু নীতি অনুযায়ী, সব অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয়। এটা পবিত্রতা এবং আলোর প্রতীক।’





