কংগ্রেস (Congress) সরকার ক্ষমতায় এলে মোদী সরকারের আনা কৃষি আইন বাতিল করা হবে, বলে জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কৃষদের খেতি বাঁচাও র্যালিতে যোগ দিয়ে এমন বক্তব্যই রাখলেন কংগ্রেস নেতা। অতিমারীর মধ্যে প্রায় একপেশে ভাবে সংসদে এই বিল পাশ করিয়ে নেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, ‘আমি নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলছি, যেদিন কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে, সেদিন এই আইন বাতিল করা হবে। আমরা এই তিনটি কালা কানুনকে (black laws) আস্তাকুঁড়ে ছুড়ে ফেলব।’
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (Narendra modi) নিশানা করেন রাহুল। তিনি বলেন, ‘এই আইনে যদি কৃষকরা খুশি হয়ে থাকেন, যেমনটা প্রধানমন্ত্রী দাবি করছেন, তাহলে তাঁরা কেনও আন্দোলনে নেমেছেন? যদি কৃষকের স্বার্থেই এই আইন হয়ে থাকে, তাহলে কেন সংসদে আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হল না?’
এদিনের এই প্রতিবাদে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amarinder Singh)। তিনি এদিন বলেন, ‘কৃষি বিল পাশ হওয়ার পরে কৃষকের নূন্যতম সহায়ক মূল্য কার্যকর করার বিষয়ে কোনও আইন পাশ করেনি কেন্দ্র। তার মানে এটা দাঁড়ায় যে এমএসপি মোটেই নিশ্চিত নয়।’
শুধু একটি পদযাত্রা নয়, দেশজুড়ে এই রকম অসংখ্য পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। সংসদে কার্যত বিনা প্রতিদ্বন্ধিতায় পাশ হওয়ার পর থেকেই কৃষিবিল নিয়ে পঞ্জাবে লাগাতার আন্দোলন করছে কংগ্রেস। পঞ্জাবের মুখ্যমন্ত্রী এর আগে আইনের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভও করেছে। পাশাপাশি পঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সে রাজ্যের কংগ্রেস।





