সড়ক পরিবহন দপ্তরের বিশেষ ঘোষণা, সমস্ত যানবাহনের কাগজপত্রের মেয়াদ ৩০ জুন ২০২০ পর্যন্ত বাড়ানো হলো

করোনার বিপর্যয়ের মধ্যে কিছুটা স্বস্তি মিলল সমস্ত গাড়ির মালিক সহ চালকদের। ভারতে প্রায় ২৩ কোটি স্বতন্ত্র যানবাহন মালিক রয়েছেন। এছাড়া ১.২ কোটি ট্রাক আছে যারা সারা দেশে জরুরি পণ্য পরিবহন করছে। সড়ক পরিবহন মন্ত্রক এই সব গাড়ির মেয়াদ উত্তীর্ণ কাগজের মেয়াদ ৩১শে মার্চ থেকে বাড়িয়ে ৩০ শে জুন অবধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Motor Vehicle Act, 1988 এবং Central Motor Vehicle Rules, 1989 অনুযায়ী একজন গাড়ির মালিককে গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স এবং রাজ্য বা জাতীয় স্তরে গাড়ি চালানোর অনুমতি নিতে হয়। এবং পরিবেশ রক্ষার্থে গাড়ির স্বাস্থ্য পরীক্ষাও করাতে হয়।এরপর ওই সমস্ত নথিগুলিকে একটা নির্দিষ্ট সময় অন্তর রিনিউও করাতে হয়। কিন্তু করোনার জেরে দেশ জুড়ে এখন লকডাউন চলছে। এর ফলে সব ধরনের অফিসই আপাতত বন্ধ। তাই দেখা যাচ্ছে মানুষজন কাগজপত্র রিনিউ করাতে গিয়ে ভীষণ সমস্যার মুখোমুখি হচ্ছেন। এটা নজরে আসার পরই সমস্ত যানবাহনের কাগজপত্রের মেয়াদ ৩০ শে জুন ২০২০ অবধি বর্ধিত করা হলো।

বর্তমান পরিস্হিতিতে এমন অনেক কেস ধার্য হচ্ছে পুলিশ থানায়, যেখানে সঠিক কাগজের অভাবে অনেক ট্রাককে পুলিশ আটকে দিচ্ছে। তাই মন্ত্রকের তরফে জানানো হয়েছে ,” পুলিশ প্রশাসন কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হল যে ২০২০ সালের ১ লা ফেব্রুয়ারীতে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সেই কাগজের মেয়াদ ৩০ শে জুন, ২০২০ অবধি যাতে ধরা হয়।”

সড়ক পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘এখন করোনার জেরে গণপরিবহন যেমন বাস, ট্যাক্সি বন্ধ রয়েছে। যার জন্য তাদের অর্থ উপার্জনও বন্ধ হয়ে গেছে।এই অবস্থায় বিভিন্ন রাজ্যে তাদের কর আপাতত মুকুব করা হয়েছে এবং এই সুবিধা NIC এর অনলাইন পোর্টাল ‘বাহন (Vahan)’ এও পাওয়া যাচ্ছে।আশা করা যাচ্ছে এই বিপর্যয়ের সময় বাকি রাজ্যগুলোও এই কর ছাড় দেওয়ার ব্যবস্থা শুরু করবে যাতে করে তাদের রাজ্যের মানুষ কিছুটা নিষ্কৃতি পায়।’

সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই পরামর্শটি বাস্তবায়নের জন্য অনুরোধ করেছে কেন্দ্রীয় মন্ত্রক। যাতে এই কঠিন সময়ে প্রয়োজনীয় যে সমস্ত মানুষ, পরিবহনকারী এবং পরিষেবাবহনকারী সংস্থাগুলি জরুরি পরিষেবা বহন করছেন তাদের যেন এই দেশব্যাপী লকডাউনের মাঝে হয়রানির শিকার না হতে হয়।

RELATED Articles

Leave a Comment