ভোটের ডিউটিতে যেতে চাননি তাঁরা। জোর করে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। আর সেই করতেই বাড়বাড়ন্ত করোনা পরিস্থিতিতে মৃত্যু হল বহু শিক্ষকের।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার চাঞ্চল্য ছড়ালো উত্তরপ্রদেশে। যোগীর রাজ্যে পঞ্চায়েত ভোটের গণনা বয়কটের ডাক দিল আরএসএসের শিক্ষক সংগঠন। শুধুমাত্র আরএসএস এর শিক্ষক সংগঠনই নয় আরও বেশ কয়েকটি সংগঠন ভোটগণনা বয়কটের ডাক দিয়েছে। সব মিলিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক রবিবার গণনার জন্য ভোটগ্রহণ কেন্দ্রে যেতে আপত্তি জানিয়েছেন। সংগঠনগুলির দাবি, সব মিলিয়ে ৬০ হাজার শিক্ষক গণনা বয়কট করবেন। যা কমিশনের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মতোই উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন হয়। এই রকম ব্যাপক আকার নেওয়া করোনা পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আয়োজন নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছিল বিভিন্ন শিক্ষক সংগঠন।
কিন্তু কর্ণপাত করেনি রাজ্য নির্বাচন কমিশন। প্রশাসনের তরফে একপ্রকার জোর করে শিক্ষকদের ভোটের ডিউটিতে পাঠানো হয়। আর সেই ভোটের ডিউটিতে গিয়েই প্রাণ হারিয়েছেন ৭০৬ জন শিক্ষক।





