অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাড়ি গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু ঠিক কারণে এই সাক্ষাৎ, এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।
সূত্রের খবর অনুযায়ী, মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। দুজনের এই রুদ্ধদ্বার বৈঠকে আসলে কী বিষয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি। তবে এই নিয়ে দুজনের কেউই মুখ না খুললেও, তাদের এই সাক্ষাৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তবে এই-ই প্রথমবার নয়, এর আগেও ২০১৯ সালে নাগপুরে আরএসএসের সদর দফতরে যান মিঠুন চক্রবর্তী। সেখানে গিয়েও আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন তিনি। তবে এবারের দুজনের সাক্ষাৎ নিয়ে মুখ বন্ধ দুই পক্ষেরই। তবে এই দুইপক্ষ যে আবার সাক্ষাৎ করতে পারেন, এই সম্ভাবনার কথা আমাদের পোর্টাল Khabor 24×7 থেকে আগেই জানানো হয়েছিল। আর সেই অনুযায়ীই ঘটনা ঘটল।
প্রসঙ্গত, ২০১৬ সালে তৃণমূল সাংসদ পদ থেকে সরে আসেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন ক্ররা পর তিনি অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়ান নি। তবে এরপর ২০১৯ সালে মোহন ভাগবতের সঙ্গে দেখা করার পর অনেকেরই মনে হয়েছিল যে তিনি হয়ত এবার বিজেপিতে যোগ দেবেন। কিন্তু তেমনটাও হয়নি। দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়রা জানান যে এই বিষয়ে অভিনেতার থেকে কোনওরকম প্রস্তাব আসেনি।
তবে এবার মোহন ভাগবতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। সামনেই বিধানসভা নির্বাচন। এর আগেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ যে হারে পালটাচ্ছে, এই কারণেই এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠেছে ওয়াকিবহাল মহলে।





