ঘটল ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল এক বাড়ির একাংশ। ঝলসে মৃত্যু যৌথ পরিবারের ৬ জনের। আহত আরও বেশি। এদের মধ্যে রয়েছে বেশ কিছু শিশুও। ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, গতকাল, সোমবার রাত ৯টা নাগাদ এক যৌথ পরিবারের বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় ওই বাড়িতে ১৮-১৯ জন ছিল বলে জানা গিয়েছে। সিলিন্ডার ফেটে হয় এই বিস্ফোরণ। এই বিস্ফোরণের জেরে ঝলসে যান অনেকে। ভেঙে পড়ে বাড়ির একাংশ। আগুনে ঝলসে ও চাপা পড়ে মৃত্যু হয়েছে ৬ জনের, এমনটাই খবর।
পরিবারের একাধিক সদস্য আহত হয়েছে বলে খবর। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় উদ্ধারকারী পুলিশ, দমকল ও এনডিআরএফ সদস্যরা। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়। স্থানীয়রা জানান, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অনেক দূর থেকে এর শব্দ পাওয়া গিয়েছে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় মেডিক্যাল টিম। জেসিবি ব্যবহার করে উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে। ৮ জন আহত এই ঘটনায়। এর মধ্যে ৫ জন শিশু রয়েছে বলে খবর। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকান্দ্রাবাদ আশাপুরি কলোনিতে।
আরও পড়ুনঃ অমিত শাহ্’কে চিঠি দিলেন আর জি করের নির্যাতিতার মা-বাবা, কী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রীকে?
এমন ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের প্রতি সমবেদনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দ্রুত উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসায় সহায়তার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।






