বিহারকে অনুসরণ! মদমুক্ত রাজ্য হিসেবে প্রতিষ্ঠা হতে পারে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশও, মুখ্যমন্ত্রীর ভাষণেই মিলল ইঙ্গিত

বিহারের পথেই হয়ত হাঁটতে চলেছে মধ্যপ্রদেশ। সে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত তেমনটাই চাইছেন বলে আশা করা যাচ্ছে। গতকাল, শনিবার মধ্যপ্রদেশের কাটনির এক জনসভায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে রাজ্যজুড়ে মদ বিক্রি বন্ধের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে। এই বিষয়ে প্রচারে নামবে সরকার। মানুষের চেষ্টার ফলেই মধ্যপ্রদেশকে একটি ভালো রাজ্যে পরিণত করা সম্ভব।

এদিনের জনসভায় শিবরাজ সিং জানান, “রাজ্যে শুধুমাত্র মদ নিষিদ্ধ করলেই এই সমস্যার সমাধান হবে না। মানুষ যদি মদ্যপান বন্ধ করতে না পারে, তাহলে জোগান ঠিকই বজায় থাকবে। তাই আমরা নিবিড় প্রচার চাই। মানুষ যাতে মদ খাওয়া সম্পূর্ণ ছেড়ে দেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবেই মধ্যপ্রদেশ একটি ভালো রাজ্যে পরিণত হবে”। এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও মদ বন্ধের রাস্তায় হেঁটেছিলেন। সেই লক্ষ্যে সফলও হন তিনি। এর ফল মিলেছিল বিধানসভা ভোটে। এসেছিল সাফল্য।

নয়ের দশকেও ‘দারু বন্‌ধ’ স্লোগান চালিয়ে হরিয়ানায় ভোটে জয়লাভ করেন বংশীলাল। কিন্তু পাঁচ বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয় ও শেষে ভোটে হেরে যান বংশীলাল। তবে, বিহারে নীতিশ কুমারের ক্ষেত্রে এমন ঘটেনি। এই কারণেই শিবরাজ সিং আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে চাইছেন।

মদ সম্পূর্ণ বন্ধের আগে শিবরাজ সিং এই কারণে নিবিড় প্রচারে নামতে ইচ্ছুক। যাতে মানুষের মধ্যে মদ খাওয়া নিয়ে ভীতি তৈরি হয় ও তাঁরা মদ খাওয়া থেকে নিজেদের বিরত রাখেন। ২০১৮ সালে সরাসরি মধ্যপ্রদেশে ক্ষমতায় আসতে পারেননি শিবরাজ। কংগ্রেসের মধ্যে ভাঙন দেখা দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রী হন। তাই এই পদ কোনওমতেই হারাতে চান না তিনি। এই কারণেই প্রচারের উপর বেশি জোর দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

এদিনের কাটনির সভা থেকে শিবরাজ সিং জানান যে আগামী তিন বছরের মধ্যেই কাটনি জেলার সব বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন। এছাড়াও, রাজ্য বিশেষ অভিযান চালিয়ে ৫০ জন বালিকাকে উদ্ধার করেছেন, একথাও এদিনের সভায় জানান মুখ্যমন্ত্রী।

RELATED Articles