ভারতে ফের মহামারীর আকার নিয়েছে করোনাভাইরাস। পরিস্থিতি গতবছরের থেকেও ভয়ানক। করোনা সংক্রমণে এখন নিজের গড়া বিশ্বরেকর্ড রোজ নিজেই ভাঙছে ভারত।
বিজ্ঞানীরা বলছেন প্রতিষেধক নিলে কিছুটা কমতে পারে ঝুঁকির আশা। কিন্তু বর্তমান ভারতে প্রত্যেক ভারতবাসীকে দেওয়ার মতো প্রতিষেধক এখনও নেই সরকারের কাছে। মিলছেনা অক্সিজেন টুকুও। আকাল ওষুধেরও। সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র ও দিল্লির। প্রায় গোটা দিনই জ্বলছে গণচিতা। লাগামছাড়া সংক্রমণের ফলে ভয় ধরানোর মতো মৃত্যুর পরিসংখ্যানে ক্রমশ বাড়ছে আতঙ্ক।
আরও পড়ুন-Covid-19: করোনা বিধ্বস্ত ভারত! ১৩৫ কোটি টাকা অনুদান ঘোষণা সুন্দর পিচাইয়ের, পাশে মাইক্রোসফটও
শুধুমাত্র অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়ে যাচ্ছে রোগীদের। গত বছর প্রায় ১০ হাজার টন অক্সিজেন রপ্তানি করেছিল ভারত। তারই ফলপ্রসূ এখন দেশে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় অক্সিজেন অমিল।
দেশের এই রকম টালমাটাল অবস্থায় এগিয়ে এসেছে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থা। এমতাবস্থায় এবার এগিয়ে এল ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট। ওই তহবিলের তরফে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কথা ঘোষণা করল তারা।
গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে ভক্তদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট। সেই সংগৃহীত অর্থ থেকেই ৫৫ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে অক্সিজেন প্ল্যান্ট। এপ্রসঙ্গে ট্রাস্টের হিসাবরক্ষক অনিল মিশ্র জানিয়েছেন, ‘করোনার ধাক্কায় গোটা দেশ অতিষ্ঠ। এই পরিস্থিতিতে ট্রাস্টের তরফে ৫৫ লক্ষ টাকা খরচ করে দু’টি অক্সিজেন প্ল্যান্ট গড়া হবে। অযোধ্যার দশরথ মেডিক্যাল কলেজে ওই প্ল্যান্টগুলি লাগানো হবে।’
প্রসঙ্গত, রাম মন্দির তৈরীর জন্য বিশ্ব হিন্দু পরিষদ ও অন্য হিন্দুত্ববাদী সংগঠনগুলি গত ১৫ই জানুয়ারিতে শুরু করেছিল মন্দিরের জন্য অনুদান সংগ্রহ। যা চলেছিল ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি হিসেবে অনুদানের অঙ্ক যা বলা হচ্ছে, বেসরকারি সূত্রের মত তার থেকে অনেকটাই বেশি। সব মিলিয়ে আড়াই হাজার কোটি টাকার মতো অনুদান জমা পড়েছে বলে দাবি সেই সূত্রের। এবার সেই টাকারই কিছুটা ব্যয় হবে প্ল্যান্ট নির্মাণে।





