বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে ইনটেলিজেন্স ব্যুরো অফিসার অঙ্কিত শর্মার ময়না তদন্তের রিপোর্ট। সেই রিপোর্ট অনুযায়ী চিকিৎসক জানিয়েছেন ধারালো ছুরি দিয়ে ৪ ঘণ্টা ধরে একাধিকবার কোপানো হয় ওই গোয়েন্দা অফিসারকে। মেডিক্যাল রিপোর্টে থেকে জানা গেছে, নিহত গোয়েন্দা অফিসারের শরীরের উপরাংশে–বুকে ও পেটে ছুরির একাধিক গভীর ক্ষত রয়েছে।
উল্লেখ্য উত্তরপূর্ব দিল্লির হিংসাতে নিহত ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন বছর ছাব্বিশের এই আইবি অফিসার। গত মঙ্গলবার থেকে তাঁর খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার ভোররাতে হিংসা-কবলিত দিল্লির চাঁদবাগ এলাকার একটি নর্দমা থেকে অঙ্কিতের দেহ উদ্ধার হয়েছে। এই খুনের ঘটনায় ইতিমধ্যেই আপ কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অঙ্কিত শর্মার বাবা রবিন্দর কুমারের অভিযোগের প্রেক্ষিতেই এই খুনের মামলা দায়ের হয়েছে। অভিযোগে রয়েছে যে, সেদিন ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন অঙ্কিত। সেসময় তার উপর অতর্কিতে হামলা চালায় তাহির হুসেনের দলবল। দিল্লি পুলিশ সূত্রে খবর, আইপিসির ৩০২ (খুন) ধারা ছাড়াও ২০১ ধারায় (প্রমাণ লোপাট) দয়ালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
দিল্লির এই সংঘর্ষে এখনও পর্যন্ত ৩৮ জন মারা গিয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি ২০০ জনেরও বেশি।উত্তরপূর্ব দিল্লির খাজুরি খাসে তাহির হুসেনের একটি কারখানা রয়েছে। বৃহস্পতিবার ওই কারখানাও সিল করে দেওয়া হয়েছে। এছাড়া তাহেরের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় আমআদমি পার্টির তরফে তাঁকে দল থেকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়। আপের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে হিন্দিতে ট্যুইট করে জানানো হয়, দিল্লির হিংসায় অভিযুক্ত কাউন্সিলর তাহির হুসেনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন বলবত্ থাকবে।
অপরদিকে অভিযুক্ত আপ কাউন্সিলর তাহির হুসেন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।এবিষয়ে তিনি জানিয়েছেন, ‘আইবি অফিসার খুনের ঘটনায় বা দিল্লির হিংসার কোনওটাতেই আমি জড়িত নই।’ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি জানান , ‘আমাকে টার্গেট করা ভুল। আমি বা আমার পরিবারের কেউ এই ঘটনায় জড়িত নই।’





