মন্দির শুধুমাত্র ভগবানেরই, মন্দিরের সম্পত্তির মালিক কেবল ঈশ্বর। এর উপর কোনও ব্যক্তি বিশেষের অধিকার নেই। আজ, মঙ্গলবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশের হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে দায়ের করা এক মামলার শুনানিতে এমন রায় দিল শীর্ষ আদালত।
এর পাশাপাশি শীর্ষ আদালতের বিচারপতি বেঞ্চের তরফে এমনও জানানো হয়ে যে ব্যক্তিগত মন্দির ও জনসাধারণের জন্য মন্দিরের ক্ষেত্রে কিছু পার্থক্য থাকতে পারে।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় যে কোনও ব্যক্তির বাড়িতে যদি ঠাকুর বা মন্দির থেকে থাকে, সেই মন্দিরের উপর অধিকার শুধুমাত্র ওই বাড়ির মালিকেরই। তবে সাধারণ মানুষের জন্য যে সমস্ত মন্দির রয়েছে, সেই মন্দিরের উপর স্বয়ং ঈশ্বর ছাড়া আর কারও অধিকার নেই।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের ভাষা বুঝতে হচ্ছে সমস্যা, বাঙালি তদন্তকারী এবার সিবিআই-এর দলে
সুপ্রিম কোর্টের তরফে এও বলা হয় যে পুরোহিতরা মন্দিরের তত্ত্বাবধানে থাকতে পারেন, মন্দিরের দেখাশোনা করতে পারেন, কিন্তু মন্দিরের সম্পত্তির উপর তাদের অধিকার নেই, সেই অধিকার কেবল ভগবানের। মন্দিরের কোনও জমি বা কোনও সম্পত্তি কোনও পুরোহিত বিক্রি করতে পারবেন না।
ভূমিশ্বরের অধিকার নিয়ে মামলা দায়ের করেছিল পুরোহিতরা। সেই মামলারই রায় দিল শীর্ষ আদালত। এই রায়ের ফলে এবার থেকে কোনও পুরোহিত বেআইনিভাবে কোনও মন্দিরের অংশ বা জমি আর বিক্রি করতে পারবেন না।
এই মামলার রায় দিয়েছে বিচারপতি হেমন্ত গুপ্ত বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ। এই বেঞ্চের তরফে এও বলা হয়েছে যে পুরোহিত মন্দিরের কোনও জমি বিক্রি করতে না পারলেও, জমি সংক্রান্ত কোনও কাজ তারা করতে পারবেন।






