পরিচয়পত্র ছাড়াই এবার রেশন পাবেন যৌনকর্মীরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

করোনা ভাইরাসের জেরে ও লকডাউনের সময় দেশের প্রায় আট লক্ষ যৌনকর্মী জীবিকা হারিয়েছেন। ঠিকমতো হচ্ছে না খাদ্যসংস্থান। এই নিয়ে আগেও সরব হয়েছিলেন যৌনকর্মীদের সংগঠন। তাদের জন্য নতুন নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিভিন্ন রাজ্যের যৌনকর্মীদের শুকনো রেশন বণ্টন করা হয়। অনেকের কাছে আবার সঠিক পরিচয়পত্র নেই, সেই দিক মাথায় রেখেই শীর্ষ আদালত রাজ্যগুলিকে নির্দেশ দেয় যে, তারা যেন এই দিকটা উপেক্ষা করেই যৌনকর্মীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

ন্যাশানাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন বা ন্যাকো ও জেলায় বৈধ সেলদের দ্বারা চিহ্নিত যৌনকর্মীদের এক মাসের জন্য শুকনো খাবার বিলি করতে হবে। আগামী ২৮শে অক্টোবর এই মামলার ফের শুনবে শীর্ষ আদালত। বিভিন্ন রাজ্যে কতজন যৌনকর্মী থাকেন এবং রাজ্যগুলি নিজেদের এলাকার কতজন যৌনকর্মীকে শুকনো রেশন দিতে সক্ষম হয়েছে, এর রিপোর্টও জমা এদিন জমা করতে হবে আদালতে। ন্যাকোর হিসেব অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৮.৬৮ লক্ষ্য মহিলা যৌনকর্মী এবং তৃতীয় লিঙ্গের প্রায় ৩৮ হাজার জন যৌনকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিন বিচারপতি নাগেশ্বর রাও ও অজয় রাস্তোগি জানান যে, রেশন কার্ড বা সঠিক পরিচয়পত্রের অভাবে অনেকেই রাজ্য ও কেন্দ্রের অনেক প্রকল্পত থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে, গত শুনানিতে শীর্ষ আদালত কেন্দ্রের কাছে জানতে চায় যে যৌনকর্মীদের শুকনো রেশন দেওয়া যায় কী না? জবাবে কেন্দ্র জানায়, ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে খাদ্যশস্য পাঠানো হয়েছে, সেখান থেকে রাজ্য চাইলে যেসব যৌনকর্মীদের পরিচয়পত্র নেই তাদের বণ্টন করতেই পারে। তবে এককালীন সাহায্য দেওয়ার বিষয়ে এর আগের শুনানিতে কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফ থেকে।

এদিকে, বাংলা, মহারাষ্ট্র ও কর্ণাটকের দাবী, তারা ইতিমধ্যেই যৌনকর্মীদের বিনা পরিচয়পত্রে শুকনো রেশন বিলি করছেন। তবে যৌনকর্মীদের আর্থিক সাহায্য করতে হলে কেন্দ্রের সাহায্যের দরকার পড়বে রাজ্যগুলির, এমনটাও জানায় রাজ্যগুলি। কিন্তু সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে যে পাঁচ রাজ্যে মাত্র আট শতাংশ যৌনকর্মীই উজ্জ্বলা যোজনার সুযোগ পাচ্ছেন।

RELATED Articles

Leave a Comment