নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। মহান এই স্বাধীনতা সংগ্রামীর জন্মবর্ষ গোটা বছর ধরে উদযাপন করার সিদ্ধান্ত নিল ভারত সরকার।
আজ, অর্থাৎ সোমবার ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সূত্রে খবর, নেতাজি জন্মজয়ন্তী অন্যন্য ভাবে পালন করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক কালে বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেমন, ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে রেড ফোর্টে নেতাজি মিউজিয়ম করা হবে। যার কাজ শুরু হয়ে গিয়েছে। সব চেয়ে বড় কথা, নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্তও নিয়েছে ভারত সরকার।
উল্লেখ্য, আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের এই দোর্দণ্ডপ্রতাপ স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নেতাজির জন্মদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই এই উদযাপন শুরু হবে।
সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটির শীর্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। উক্ত কমিটিতে থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক, নেতাজি বিশেষজ্ঞ এবং নেতাজির পরিবারের সদস্য। ভারতে এবং ভারতের বাইরেও যেখানে যেখানে সুভাষজয়ন্তী অনুষ্ঠিত হবে সেখানেও প্রয়োজনীয় পরিকল্পনায় সহায়তা করবে এই কমিটি।
জন্মজয়ন্তী উদযাপন করার মধ্যে দিয়ে ভারতের প্রতি নেতাজির দায়বদ্ধতা, দেশপ্রেম, অসম সাহসিকতা, ইংরেজ শক্তির বিরুদ্ধে বিপুল লড়াই, দৃপ্ত চেতনা, নেতৃত্ব, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাঁর তুলনাহীন কৃতিত্বকে নত মস্তকে, বিনম্র চিত্তে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী সরকার।





