‘ভয়ের কিছু নেই’ : করোনার ধকল কাটিয়ে বললেন দিল্লির প্রথম করোনারোগী

করোনাকে জয় করে আবার বাড়ি ফিরে এসেছেন তিনি। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর এখন সম্পূর্ণ সুস্থ তিনি। করোনাভাইরাস নিয়ে ভয়ের কিছু নেই এবং এ রোগের চিকিৎসাও বেশির ভাগ মানুষের জন্যই খুব সাধারণ’—এমন মন্তব্য করেছেন দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি।

দিল্লির সাফদরজং হাসপাতালে দুই সপ্তাহ ধরে চিকিৎসা নিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত, বছর ৪৫ এর এই ব্যক্তি। গতকাল, রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন তিনি। বাড়ি ফেরার পর, করোনা নিয়ে নিজের অভিজ্ঞতা জানান সংবাদ মাধ্যমকে। তিনি বলেন, “আমি চিকিৎসক নই, তবে অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছে এটি সাধারণ ঠান্ডা–কাশির চেয়ে সামান্য ভিন্ন।”

পাশাপাশি তিনি এও জানান যে, আসলে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক চিকিৎসার মাধ্যমে করোনা থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠা সম্ভব। ওই ব্যক্তি জানান, গত ২৫ ফেব্রুয়ারি ইউরোপ থেকে ভারতে ফেরেন তিনি। ফেরার পরদিনই জ্বর আসে। তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক জানান, এটি গলার সংক্রমণ। তিন দিনের মতো ওষুধ দেওয়া হয় তাঁকে। ২৮ তারিখ বেশ সুস্থ অনুভব করেন। তবে ২৯ তারিখ আবার জ্বর আসে। এরপর রাম মনোহর লোহিয়া হাসপাতালে যান তিনি। সেখানে টেস্টে তাঁর করোনা ধরা পড়ে।

সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরে স্বভাবতই খুব খুশি ওই ব্যক্তি। তিনি জনসাধারণকে করোনা সম্পর্কে অবগত করতে চান বলেও জানিয়েছেন।দিল্লিতে এখন পর্যন্ত সাতজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে একজন মারা গেছেন। দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। অন্যদিকে কর্ণাটকে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল পর্যন্ত ভারতে ১১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে মহারাষ্ট্রে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত এই ভাইরাসে ছয় হাজারের বেশি মানুষ মারা গেছেন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment