আজ, মঙ্গলবার আফগানিস্তান থেকে ৭৫ জন যাত্রীকে নিয়ে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান দেশে পৌঁছল। এই বিমানে করেই দেশে এল শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিবের তিনটি কপি।
এদিন দিল্লির বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি নিজেই এই ধর্মগ্রন্থ মাথায় করে বয়ে নিয়ে গেলেন। তাঁর সঙ্গে ছিলেন অন্য এক কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন ও বিজেপি নেতা আরপি সিং। রীতিমতো শোভাযাত্রা করে এই পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে যাওয়া হয়।
এদিন ভারতে আসা ৭৫ জন যাত্রীর মধ্যে ছিলেন ৪৬ জন আফগান শিখ ও হিন্দু। আফগানিস্তানে তালিবানদের রাজত্ব শুরু হওয়ায় সেখানে পরিস্থিতি আরও কঠিন হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে ওই শিখদের দেশে ফেরার ঘটনায় বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দিল্লি শিখ গুরুদ্বার কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা। দেশে ফেরা শিখদের মধ্যে তিনজনকে মার্কিন সেনা নিজেদের তত্ত্বাবধানে কাবুল বিমানবন্দরে পৌঁছে দিয়েছে বলে জানা গিয়েছে।
হরদীপ সিং পুরী আফগানিস্তান থেকে বিপণ্ণদের ফেরানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ দিতে চাই আফগানিস্তানে কঠিন পরিস্থিতিতে পড়া আমাদর ভাইদের দেশে ফেরানোর এই পরিকল্পনার জন্য। বাকিদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে। আমরা নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ করে চলেছি। এজন্য আমি বিদেশমন্ত্রক, বিদেশমন্ত্রী এস জয়শংকর ও বিদেশমন্ত্রকের ভি মুরলিধরনকেও ধন্যবাদ দেব”। এরই সঙ্গে গুরু গ্রন্থসাহিবের কপিগুলি ফেরানো প্রসঙ্গেও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন- পাখা সরানো নিয়ে বিবাদ, ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি
১৫ই আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানে আধিপত্য বিস্তার করে তালিবানরা। এরপরই দেশ ছেড়ে পালান রাষ্ট্রপতি আশরাফ ঘানি। নর্দান অ্যালায়েন্স কোনও রকমে তালিবান আগ্রাসন ঠেকিয়ে রেখেছে। তালিবানদের দখলে থাকা এলাকায় চলছে অত্যাচার। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে সচেষ্ট মোদী সরকার।





