মুখ পুড়ল যোগী সরকারের! উত্তরপ্রদেশের উন্নয়ন বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি দিয়ে রোষের মুখে বিজেপি মুখ্যমন্ত্রী

আগামী বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ২০২৪-এর লোকসভার আগে এই বিধানসভা এক অগ্নিপরীক্ষার সমান বিজেপির কাছে। জনগণ বিজেপিকে এখনও ততটাই ভালোবাসা দিচ্ছে কী না, লোকসভার আগে প্রমাণ পাওয়া যাবে এই রাজ্যের বিধানসভা নির্বাচনে।

এই কারণে উত্তরপ্রদেশ সরকার যেমন নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে জোরকদমে, তেমনিই চালাচ্ছে বিজেপিও। শুরু হয়েছে উত্তরপ্রদেশ সরকারের তরফে প্রচার। আর এতেই ঘটে গেল এক বিপত্তি। উত্তরপ্রদেশে যোগী সরকারের আমলে উন্নয়ন বিজ্ঞাপনে দেখা গেল কলকাতার মা উড়ালপুলের ছবি।

আরও পড়ুন- ‘ওঁর ওয়েট আছে, তাই তিনি হেভিওয়েট, চিকিৎসক হাঁটতে বলেছেন তো ‘, মমতাকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কার

এই ছবি যে কলকাতারই তা আর বলা অপেক্ষা রাখে না। এই ছবিতে দেখা যাচ্ছে উড়ালপুলের পাশে কলকাতার বিখ্যাত এক হোটেলের ছবি। তাছাড়াও উড়ালপুলের উপর দিয়ে চলমান কলকাতার বিখ্যাত হলুদ ট্যাক্সির ছবিও বেশ স্পষ্ট।

পার্ক সার্কাস ও এজেসি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে সংযুক্ত করা এই উড়ালপুলের নাম খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন মা উড়ালপুল। বাম আমলের সময় এই উড়ালপুল তৈরির কাজ শুরু হলেও, তা শেষ হয় তৃণমূলের জমানায়। ২০১৫ সালের ৯ই অক্টোবর এই উড়ালপুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

কিন্তু এই উড়ালপুলের ছবি তাহলে উত্তরপ্রদেশের উন্নয়ন বিজ্ঞাপনে কীভাবে এল? রবিবাসরীয় সকালে বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদপত্রে গোটা পাতা জুড়ে এমনই বিজ্ঞাপন দেখা যায়। আর এই নিয়েই ব্যাপক রোষের মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে। তৃণমূলের তরফেও নানান কটাক্ষ জুটেছে যোগী আদিত্যনাথের কপালে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপনের এই ছবি প্রকাশ করে টুইটারে দাবী করেন যে বিজেপি সরকারকে সেই বাংলার উন্নয়নের ছবিতেই ভরসা করতে হচ্ছে। তাঁর আরও দাবী, বিজেপির ‘ডবল ইঞ্জিন মডেল’ একেবারেই ব্যর্থ।

তবে এই ধরণের বিজ্ঞাপন সাধারণত তৈরি করে থাকে কোনও বেসরকারি সংস্থা। তাই মনে করা হচ্ছে এটা তাদেরই ভুল। অন্যদিকে আবার এই বিজ্ঞাপন এটাও প্রমাণ করল যে ইন্টারনেটের উপর বেশি ভরসা করা ও সঠিক সত্যতা যাচাই না করা কত বড় ভুল।

আরও পড়ুন- চা-এর ঠেকে আড্ডা, ভবানীপুরে প্রচারে গিয়ে মমতাকে তোপ, ‘নন্দীগ্রামে যদি একবার হতে পারে, আবার নয় কেন’, কটাক্ষ দিলীপের

তবে এসবের মধ্যেও একটি প্রশ্ন তো উঠে আসছেই যে এই বিজ্ঞাপনটি প্রকাশের আগে উত্তরপ্রদেশ সরকারের তরফে তা ভালোভাবে দেখে নেওয়া হল না কেন? কিংবা যোগী সরকারের তরফে সরকারের প্রকল্পের ছবি সরবরাহ করা হল না কেন? এদিকে তৃণমূলের তরফে আবার এই বিজ্ঞাপনের জেরে তাদের ‘কৃতিত্ব চুরি’ ক্রারা অভিযোগ তোলা হয়েছে।

আরও অন্যান্য খবর