চা-এর ঠেকে আড্ডা, ভবানীপুরে প্রচারে গিয়ে মমতাকে তোপ, ‘নন্দীগ্রামে যদি একবার হতে পারে, আবার নয় কেন’, কটাক্ষ দিলীপের

ভবানীপুরে উপনির্বাচন নিয়ে একচুলও জমি ছেড়ে দিতে রাজী নয় বিজেপি। ইতিমধ্যেই জোরকদমে শুরু করে দেওয়া হয়েছে প্রচার। আজ রবিবাসরীয় সকাল প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের জন্য প্রচার করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ, রবিবার তাঁকে দেখা গেল ভবানীপুরের ৭৩ নম্বর ওয়ার্ডে কেদার বোস লেন-সহ নানান এলাকায় প্রচার করতে। এদিন নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ কটাক্ষ করতে কসুর করেন নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, “একবার সম্ভব হলে, আবার কেন নয়”?

এদিন প্রচারে বেরিয়ে মূলত প্রাতঃভ্রমণে যাওয়া মানুষজন থেকে শুরু করে চা-এর ঠেকে আড্ডা দেওয়া মানুষদের সঙ্গে বার্তালাপ করেন দিলীপ ঘোষ ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল। চা, নিমকি সহযোগে চলতে থাকে রাজনৈতিক তরজা। এদিন প্রচারে বেরিয়ে দিলীপবাবু বলেন, “এমন মানুষের পাশে থাকুন, যার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। যিনি লড়াইয়ের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন”।

আরও পড়ুন- ‘ওঁর ওয়েট আছে, তাই তিনি হেভিওয়েট, চিকিৎসক হাঁটতে বলেছেন তো ‘, মমতাকে তীব্র কটাক্ষ প্রিয়াঙ্কার

এদিন দিলীপ ঘোষ আরও জানানন, নির্দিষ্ট কোনও জায়গা নয়, ব্রং গোটা ভবানীপুরেই জয়ের আশা করছে বিজেপি। সেখানকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন তারা। কথা বলবেন স্থানীয়দের সঙ্গে। পুরো শক্তি দিয়ে ভবানীপুরে লড়তে প্রস্তুত গেরুয়া শিবির। এদিন নন্দীগ্রামের প্রসঙ্গ টেনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ শানান দিলীপ ঘোষ। বলেন, “নন্দীগ্রামে একবার যদি হতে পারে, আবার কেন নয়? রাজনীতিতে সব সম্ভব”।

এদিন ভবানীপুরে প্রচারে যাওয়ার আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, ভবানীপুরে জয়ের জন্য বেশ আত্মবিশ্বাসী তিনি। এদিকে আবার ভবানীপুরে বিজেপি গো-হারান হারবে বলে কটাক্ষ করে তৃণমূল। এই জবাবে দিলীপ ঘোষ বলেন, “নন্দীগ্রামেও বলেছিল। বুঝতে পেরেছেন কী হয়েছে। যদি এত দম থাকে, তাহলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় নামিয়েছেন কেন”?

আরও অন্যান্য খবর