‘পাঠান’ (Pathan) ছবিতে দীপিকা পাডুকোনের (Deepika Padukone) গেরুয়া বিকিনি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এই নিয়ে গোটা দেশ এখন তুঙ্গে। শাহরুখ-দীপিকার এই ছবি বন্ধের হুমকি উঠেছে। এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) একটি পুরনো ভিডিও পোস্ট করে এই বিতর্ক আরও বাড়ালেন তৃণমূল নেতা ঋজু দত্ত (Riju Dutta)। এর পাল্টা দিল বিজেপিও।
‘পাঠান’ ছবির নতুন গান ‘বেশরম রং’-এ গেরুয়া রঙের বিকিনি পরে শাহরুখ খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে দীপিকা পাডুকোণকে। যা নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে। এই নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। সে রাজ্যে ‘পাঠান’ ছবি আটকে দেওয়ার হুমকিও দেন তিনি। গেরুয়া বিকিনি পরে দীপিকা ভারতীয় সংস্কৃতিকে আঘাত করেছে বলে দাবী বিজেপি নেতার। শুধু বিজেপিই নয়, এই ‘পাঠান’ ছবির বিরোধিতা করা হয়েছে সিপিএমের তরফেও।
আর এসবের মধ্যেই এই বিতর্কে ঘি ঢালল তৃণমূল নেতা ঋজু দত্তের পোস্ট কর একটি ভিডিও। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির পুরনো একটি ভিডিও পোস্ট করেছেন ঋজু দত্ত। যেখানে স্মৃতিকে গেরুয়া রঙের সুইমস্য়ুটে দেখা যাচ্ছে। ১৯৯৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় এভাবেই ক্যামেরার সামনে এসেছিলেন স্মৃতি।
কিন্তু এবার প্রশ্ন উঠছে যে তিনি কেন এই ভিডিওটি পোস্ট করেছেন? আসলে, গত বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে গায়ক অরিজিৎ সিংকে গানের অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অরিজিৎ যে গানটি করেন, তা হল ‘রং দে তু মোহে গেরুয়া’। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। টুইট করে তিনি লেখেন, অমিতাভ থেকে অরিজিৎ সিং- সকলেই মমতাকে বুঝিয়ে দিচ্ছেন, ভবিষ্যতে বাংলার রং গেরুয়া। এরপরই স্মৃতি ইরানির ওই পুরনো ভিডিওটি পোস্ট করেন ঋজু দত্ত। আর এরপরই শুরু হয়ে যায় বিজেপি-তৃণমূল তরজা।
তৃণমূল নেতার এই ভিডিও পোস্ট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন,””এরকম একজনকে তৃণমূলের মুখপাত্র করার জন্য় মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। মহিলাদের প্রতি কোনও শ্রদ্ধা নেই। এ ধরনের মানুষদের জন্যই সমাজে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মাত্রা বাড়ছে”।
এর পাল্টা দেন ঋজুও। এই ঘটনায় তিনি টেনে আনেন বিলকিস বানোর ধ’র্ষ’ণকারীদের কথা। কীভাবে সংস্কারি ব্রাহ্মণ হওয়ার কারণে তাদের মুক্তি দেওয়া হয়। এর পাশাপাশি তিনি এও বলেন যে গেরুয়া রঙ কারোর পৈতৃক সম্পত্তি নয়।





