রাজ্যে ফিরবেন না, তাহলেই মিলবে ১০,০০০ টাকা; করোনা রুখতে অভিনব ঘোষণা করলো সরকার

ভারতের প্রায় সব রাজ্যেই করোনা নিজের থাবা বসিয়েছে। উত্তর-পূর্ব ভারতের কিছু রাজ্যে করোনা এখনও হানা দিতে পারেনি। যেমন এখনও পর্যন্ত একটিও করোনা সংক্রমণের খবর পাওয়া যায়নি নাগাল্যান্ডে। এবার করোনা-হীন রাজ্যের স্ট্যাটাস ধরে রাখতে মরিয়া নাগাল্যান্ড এক অভিনব ঘোষণা করল। এই রাজ্যের যে সব বাসিন্দা দেশের অন্যত্র আটকে পড়েছেন, তাঁরা যদি নাগাল্যান্ডে না ফেরেন তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

লকডাউনের মধ্যেই স্পেশাল ট্রেন চালিয়ে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষদের তাঁদের রাজ্যে ফেরানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এর ফলে সমস্যারও সৃষ্টি হয়েছে। এই মানুষরা ফিরে আসার ফলে সব রাজ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় অন্য রাজ্যে আটকে পড়া মানুষজন ফিরে এলে রাজ্যের পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে নাগাল্যান্ড প্রশাসন। সেই কারণেই রাজ্যে না ফিরলে ১০,০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য।

নাগাল্যান্ড স্পষ্ট জানিয়েছে যে তাদের কাছে কোভিড চিকিৎসার পরিকাঠামো ও কোয়ারেন্টাইন সেন্টারের যথেষ্ট অভাব রয়েছে। তাই অন্য রাজ্যে আটকে পড়া বাসিন্দারা ফিরে এলে কী ভাবে তাঁদের পরিষেবা দেওয়া যাবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন নাগাল্যান্ড সরকার। তবে ধাপে ধাপে অন্য রাজ্যে আটকে পড়া নাগাল্যান্ডের বাসিন্দাদের ফিরিয়ে আনার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানানো হয়েছে।

RELATED Articles

Leave a Comment