Covid19 Crisis: সিকিমে অক্টোবর মাস পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষেধ, জানাল সরকার

করোনার ভয়াবহতায় ভারতবাসীরা ভীত সন্ত্রস্ত হলেও হিমালয়ের কোলে থাকা ভারতেরই একটি ছোট্ট রাজ্য সিকিম করোনা মুক্ত। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সারাবছর পর্যটকদের ঢল নামে যে রাজ্যে সেখানে এই অসম্ভবকে সম্ভব করে তুলতে একমাত্র হাতিয়ার হয়ে উঠেছে রাজ্য সরকারের নেওয়া আগাম কড়া সতর্কতা। কারণ সিকিম সরকার দেশে লকডাউন শুরু হওয়ার আগেই তাদের রাজ্যে লকডাউন শুরু হয়ে যায় এবং পর্যটকদের প্রবেশও নিষিদ্ধ করে। তাই এবার সরকারি আইনকে মান্যতা দিয়ে সিকিমের বাসিন্দাদের সুরক্ষা সুনিশ্চিত করতে আগাম সতর্কতা হিসাবে অক্টোবর মাস পর্যন্ত পর্যটন বন্ধ করার সিদ্ধান্ত নিল সিকিম সরকার৷ অর্থাৎ অক্টোবর মাস পর্যন্ত দেশি বা বিদেশি কোনও পর্যটক সিকিমে প্রবেশ করতে পারবেন না৷

এই প্রসঙ্গে সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ জানিয়েছেন, “সিকিমের প্রায় সাত লক্ষ বাসিন্দা বাস করেন৷ তাঁদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সিকিমের পর্যটনের ওপরে তাদের অর্থনীতি অনেকটা নির্ভর করে৷ তবে আগে রাজ্যের মানুষের জীবন ও নিরাপত্তা৷ তারপরেই অন্য কিছু।“

অপরদিকে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভিন রাজ্যের যেসব পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাদের দৈনন্দিন কিছু টাকাও দেওয়া হচ্ছে৷

RELATED Articles

Leave a Comment