প্রতীক্ষার অবসান। নির্ধারিত সময়েই ঠিক ১১টা ৪০মিনিটেই গুজরাটের আহমেদাবাদ-এর সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অবতরণ করল মার্কিন এয়ারফোর্স ওয়ানের বিমান। অবতরণ করার কিছুক্ষণের মধ্যেই সপরিবারে ভারতের মাটিতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পরিবারকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙ্গে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বিমান থেকে নামতেই মার্কিন প্রেসিডেন্টকে আলিঙ্গন করে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী মোদি। এরপরেই ট্রাম্পকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। সবশেষে তিনি বিমানবন্দর থেকে নিজের গাড়িতে সবরমতি আশ্রমের দিকে রওনা দেন।





