নরেন্দ্র মোদি শুধুমাত্র আমেরিকার গ্রেট ফ্রেন্ড নন, ভারতীয় গণতন্ত্রের এক সফল নেতা। মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে এমনই স্তুতিবাক্য শোনালেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, সামান্য চা-ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী ভারতবাসীর জন্য অনেক কিছু করেছেন বলেও দাবি জানালেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী মোদী আমার প্রকৃত বন্ধু। একজন চা ওয়ালা হিসাবে জীবন শুরু করে সেই জীবনে আপনাদের জন্য অনেক কিছু করেছেন নরেন্দ্র মোদি। তাঁর নেতৃত্বেই ভারতের অর্থনীতি প্রায় ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, সহিষ্ণু দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারত। মোদির আমলে ভারতের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে। সবাই তাঁকে ভালবাসেন।’
‘আগামী ১০ বছরের মধ্যে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের সমস্ত আর্থিক দুর্দশা দূর হয়ে যাবে এবং মধ্যবিত্তদের বাসস্থান হিসাবে ভারত পৃথিবীর সবচেয়ে বড় দেশ হবে’ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। তাই নরেন্দ্র মোদির জন্য গর্ব অনুভব করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘আমার বন্ধু নরেন্দ্র মোদির জন্য আমি গর্বিত। তাই ৮ হাজার মাইল দূর থেকে আমি আর মেলানিয়া এসেছি তাঁকে ধন্যবাদ জানাতে।’ তবে কেবল মৌখিক ধন্যবাদ নয়, এই সফরে ট্রাম্প সন্ত্রাসবাদ দমনের জন্য ভারতের সঙ্গে ৩০০ কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তিও করছেন।
এদিন ডোনাল্ড ট্রাম্প কেবল নরেন্দ্র মোদি নন, ভারতীয় খেলোয়াড় সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি থেকে শুরু করে বলিউড সিনেমা ‘শোলে’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-রও বিশেষ প্রশংসা করেন। পাশাপাশি শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ তুলে মার্কিন প্রেসিডেন্টের বার্তা, হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, মুসলিম সহ সব ধর্ম সহাবস্থান করলেই ভারতের অগ্রগতি সম্ভব। তাই সব ধর্মের মানুষকে নিয়ে যৌথভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান।





