কাশ্মীর নিয়ে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতা মেনে নেবেনা ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিষয়টি স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত জি৭ সম্মেলনের জন্য ফ্রান্সে রয়েছেন নরেন্দ্র মোদী। সেখানেই সম্মেলনের মাঝে তিনি বৈঠক সারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর সেই বৈঠকেই ট্রাম্পকে মোদী স্পষ্ট ভাবে জানিয়েদেন যে, কাশ্মীর নিয়ে তৃতীয় দেশের কোনো মধ্যস্থতাই মেনে নেবেনা ভারত।
জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরই মার্কিন সফরে গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই ডোনাল্ড ট্রাম্প দাবী করেছিলেন যে কাশ্মীর ইস্যু ভারত এবং পাকিস্তান সমাধান করতে পারছেননা৷ তাই এই বিষয়ে তিনি মধ্যস্থতা করতে চান। ট্রাম্প আরও জানান যে, এই বিষয়ে নাকী ইনরানের খানের পাশাপাশি নরেন্দ্র মোদীও তাঁর মধ্যস্থতা চেয়েছেন৷ ট্রাম্পের এই বক্তব্যের পরই বিরোধীরা কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করতে বলেন৷ সেসময়ই যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদী কোনো মধ্যস্থতা চাননি৷
সেটিকেই ফের একবার স্পষ্ট করে ট্রাম্পের সঙ্গে বৈঠকেই নরেন্দ্র মোদী জানিয়েদেন যে কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক বিষয় আর ৩৭০ ধারা বিলোপ পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। কাজেই এই বিষয়ে তৃতীয় কোনো দেশকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ মোদীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের গলাতেও অন্য সুর। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বক্তব্য করেন যে, কাশ্মীর ইস্যু ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷ এই সমস্যা ভারত পাকিস্তানই পরস্পরের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে পারবে।






