যেখানে দেশের সাংসদ সুরক্ষিত নয় সেখানে দেশের আমজনতা কি ভাবে সুরক্ষিত থাকবে সেই বিষয়েই এদিন বড় প্রশ্ন উঠল সাংসদ ভবনে।
লোকসভার লবিতেই মহিলা সাংসদকে হুমকি। পরে অ্যাসিড হামলার ভয় দেখিয়ে ফোন ও চিঠি! এমনই বিস্ফোরক অভিযোগ উঠল শিব সেনার বিরুদ্ধে। এহেন ভয় পাওয়ানো অভিযোগ আনলেন অমরাবতীর নির্দল সাংসদ নবনীত কউর রানা। লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা এক চিঠিতে তিনি এই বিষয়ে মুখ খুলেছেন।
২২শে মার্চ লেখা চিঠিতে অমরাবতীর সাংসদ দাবি করেছেন, লোকসভার লবিতে শিব সেনার সাংসদ অরবিন্দ সাওয়ান্ত তাঁকে হুমকি দেন। কিন্তু কেনও? কারণ তিনি মহারাষ্ট্র সরকারের সমালোচনা করেছিলেন। লোকসভায় তিনি উদ্ধব সরকারের পদত্যাগের দাবি তুলেছিলেন। মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক কাণ্ডে অভিযুক্ত পুলিশ অফিসার শচীন বেজ এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলেই এই দাবি করেন তিনি।
এরপরই লবিতে নবনীতকে ভর্ৎসনা করে অরবিন্দ বলেন, ”কী করে আপনি মহারাষ্ট্রে ঘুরে বেড়ান দেখব। আমরা আপনাকেও জেলে ঢুকিয়ে দেব।” এখানেই শেষ নয়, রীতিমতো শিব সেনার লেটারহেডে লেখা চিঠিতে তাঁকে অ্যাসিড হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি এসেছে ফোনেও। নবনীতের কথায়, ”আমাকে ফোনে বলা হয়েছে, উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলতে দেখলে যে সুন্দর মুখের জন্য তুমি গর্ব করো আমরা তাতে অ্যাসিড ঢেলে দেব।” এই হুমকির কথা উনি আগেও ওম বিড়লা ও পুলিশকে জানিয়েছিলেন বলে দাবি নবনীতের।
সাংসদের কথায় লোকসভার লবিতে যখন তাঁকে হুমকি দেওয়া হয় তখন তিনি কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ”একটু দূরে দাঁড়িয়ে থাকা আমারই এক সতীর্থকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি কিছু শুনতে পেলেন? উনি বলেন, হ্যাঁ, শুনেছি।” চিঠিতে অভিমান উগরে নবনীত লেখেন, ”এটা শুধু আমাকে অপমান নয়। দেশের সব নারীকে অপমান। আমি চাই অরবিন্দ সাওয়ান্তের কঠোরতম শাস্তি হোক।”
তবে যথারীতি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন অরবিন্দ সাওয়ান্ত। তাঁর দাবি, এই অভিযোগ সত্যি নয়। অরবিন্দের কথায়, ”আমি জীবনে কাউকে হুমকি দিইনি। কোনও মহিলাকে তো হুমকির প্রশ্নই ওঠে না।”





