মেটান নি টাকা, অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দিল টুইটার, তালিকায় রয়েছেন শাহরুখ-অমিতাভ-বিরাট থেকে শুরু করে মমতা-রাহুলও

টুইটারে কোনও অ্যাকাউন্টের পাশে ব্লু টিক থাকলে জানা যেত যে সেই অ্যাকাউন্টটি আদতে ভেরিফায়েড কী না। অনেক বছর আগে থেকেই এই ভেফিকেশন সিস্টেম চালু করেছিল টুইটার। কিন্তু গতকাল, বৃহস্পতিবার আচমকাই দেখা গেল বেশ কিছু তারকার টুইটার অ্যাকাউন্টের পাশে ব্লু টিকটি আর নেই। কিন্তু কেন হল এমনটা?

শাহরুখ খান থেকে শুরু করে বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন ও আরও অনেক তারকাদের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লু টিক তুলে নেওয়া হয়েছে। এই মার্কিন মাইক্রো ব্লগিং সংস্থার তরফে জানানো হয়েছে, যেসমস্ত টুইটার ইউজাররা টুইটার ব্লু টিকের সাবস্ক্রিপশন নেননি, তাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হয়েছে।

গত বছর এই সাবস্ক্রিপশন মডেল চালু করেন টুইটার অধিকর্তা এলন মাস্ক। এই নতুন সিস্টেম অনুযায়ী, ইউজাররা যদি সাবস্ক্রিপশনের টাকা জমা দেন, তাহলেই তাদের অ্যাকাউন্টের পাশে থাকবে ব্লু টিক। সেক্ষেত্রে মোবাইল নম্বর ভেরিফায়েড থাকতে হবে। আগের সিস্টেমে জনসমাজে নামডাক রয়েছে, এমন ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টে থাকত ব্লু টিক। এর জন্য একটি ফর্ম ফিলাপ করতে হত। তবে নতুন সিস্টেম চালু হওয়ার পর তা বন্ধ হয়ে যায়।

টুইটারে এই সাবস্ক্রিপশন সিস্টেম চালু হওয়ার পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল এলন মাস্ককে। এই মুহূর্তে টুইটারে ৪ লক্ষের বেশি ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই সাবস্ক্রিপশন দেবেন না, তাদের টুইটার অ্যাকাউন্টের পাশে থাকবে না ব্লু টিক।

দেশেরে একাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ, রাহুল গান্ধী, শাহরুখ খান, দীপিকা পাডুকোন, থেকে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলির অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নিয়েছে টুইটার। যদিও বেশ কিছু অ্যাকাউন্ট যেখানে ব্লু টিক সাবস্ক্রিপশন নেননি যেমন আমেরিকার বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস এবং লেখক স্টিফেন কিং।

এই টুইটার ব্লু টিক সাবস্ক্রিপশনের মূল্য প্রতি মাসে ওয়েব ইউজারদের জন্য ৮ ডলার (ভারতে ৬০০ টাকা) এবং অ্যাপ ইউজার দের জন্য ১১ ডলার (ভারতে ৬০০ টাকা)।

RELATED Articles