কাউন্টডাউন শুরু! আর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, অবশেষে মিলবে স্বস্তি

প্রহর গোনা শুরু করে দিয়েছে বঙ্গবাসী। আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। কলকাতাবাসী অপেক্ষা করে রয়েছে কবে রবিবারটা আসবে। না, কোনও টানটান ম্যাচের জন্য অপেক্ষা নয়, এই অপেক্ষা হল বৃষ্টির অপেক্ষা। দীর্ঘ কাঠফাটা গরমের মধ্যে একফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতোই চেয়ে রয়েছে রাজ্যবাসী।

বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রির উপর। সকলেই অপেক্ষা করছেন এক পশলা বৃষ্টির। এমন আবহে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল যে আজ, শুক্রবার থেকে আবহাওয়া বদলাবে। তাপমাত্রা কমবে। আর আগামীকাল, শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় হবে বৃষ্টি। আর রবি থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়।

আজ, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আজ, শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ১৯ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার তাপমাত্রা সামান্য কমলেও দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি হবে শনিবার। আগামীকাল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে গরমে অস্বস্তিভাব অনেকটাই কমবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি বদলাতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়াও। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি তো হচ্ছিলই, তা আজও চলবে। মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে শনিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

RELATED Articles