‘কাপড় খুলে নেবে বিজেপি নেতারা’, মুখ্যমন্ত্রীকে ফের কুকথা দিলীপের, ফের বিতর্কের মাঝে বিজেপি নেতা

মাঝেমধ্যেই নিজের নানান মন্তব্যের জেরে খবরের শিরোনামে উঠে আসেন তিনি। বেফাঁস কথাবার্তার কারণে বিতর্কে জড়ান। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নানান সময় বাক্যবাণে বিদ্ধ করেন তিনি। এবার ফের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর জেরে বেশ কটাক্ষের মুখেও পড়লেন তিনি।

একাধিক কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে গিয়েছেন দিলীপ ঘোষ। আজ, শুক্রবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছন তিনি। এরপর সেখানেই যোগ দেন চা চক্রে। সেখান থেকে একাধিক ইস্যু নিয়ে ফের শাসক দলকে তোপ দাগেন মেদিনীপুরের সাংসদ। এই চা চক্রেই উঠে আসে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির প্রসঙ্গ।

গতকাল, বৃহস্পতিবারই তৃণমূলের এই নতুন কর্মসূচির সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ মাস ব্যাপী চলবে এই কর্মসূচি। এই দু’মাস রাজ্যের নানান জায়গায় ঘুরবেন তিনি। এই কর্মসূচিতে গ্রামে গ্রামে সভায় সব দলের নেতাদের ডাকা হবে বলেও জানান অভিষেক। আর তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এদিন দিলীপ ঘোষ।

তাঁর কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকার কে? উনি কোন হরিদাস পাল? উনি কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই। আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে”।

তাঁর সংযোজন, “ওনাদের ক্ষমতা নেই কাউকে ডাকার। নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। বিজেপিকে কি ডাকবে! আমিও তো সাংসদ। সেরকম হলে আমাকেই ডাকুন না”। মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপের এহেন মন্তব্যের কারণে কটাক্ষের মুখে পড়েছেন বিজেপি নেতা। অনেকেই নিন্দা করেছেন এই ঘটনার।

আরও অন্যান্য খবর